প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী জরাজীর্ণ নৌকায় করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে। ছবি: ডয়েচে ভেলে
মিয়ানমারের উপকূলে পাঁচ শতাধিক শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ৫০০ জনেরও বেশি রোহিঙ্গা মারা যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দুটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাগুলোতে অধিকাংশই ছিলেন রোহিঙ্গা। তাদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে কিছু রোহিঙ্গাও ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
জাতিসংঘ বলছে, নৌকাডুবি ও হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে সম্ভাব্য প্রাণহানির ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
প্রথম নৌকাটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। যাত্রা শুরুর কিছু সময় পরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন প্রায় ২৮০ জন। গত ৮ জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে সেটি ডুবে গেছে বলে ধারণা করছে জাতিসংঘ।
জাতিসংঘের মতে, নিয়মিত নৌযাত্রা মৌসুমের বাইরে এসব যাত্রার সময় সমুদ্র ছিল অধিক উত্তাল ও ঝুঁকিপূর্ণ, ফলে দুর্ঘটনার আশঙ্কাও ছিল বেশি।
মিয়ানমারে সহিংসতা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপনের কারণে বহু বছর ধরে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট কাঠের নৌকায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে অন্তত ৯০০ রোহিঙ্গা শরণার্থী ও অভিবাসী নিহত বা নিখোঁজ হন। এতে এ নৌপথটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী শরণার্থী সমুদ্রপথে পরিণত হয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৩০০ রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।