বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ১৮:০৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬ ১৮:১১ পিএম
তীরে ওঠার চেষ্টা করছেন পানিতে পড়ে যাওয়া লোকজন। ছবি: ভিডিও থেকে
বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে হিজলা থেকে রওনা দেওয়া লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। সেই লঞ্চ থেকে নেতাদের উদ্ধার করতে গিয়ে ডুবে গেছে আরেক নৌকা।
মেঘনার শাখা নদী হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের অভিযান-৫ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল যাওয়ার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুইটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে আসে। ঘাটের কাছাকাছি পৌঁছে চরে আটকে যায়।
তিনি বলেন, “একটি ইঞ্জিনচালিত নৌকা নেতাদের লঞ্চ থেকে আনতে যায়। বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। পরে স্পিডবোটে বরিশাল নগরীতে এসে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়েছেন”।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল বলেন, “ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। নৌকাটিতে পানি উঠে ডুবে গেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি”।