বর্ষা উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছায়াসুনিবিড় বকুলতলায় শুক্রবার ‘ঘনঘটা’ শীর্ষক নৃত্য প্রযোজনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শ্রাবণের দ্বিতীয় দিন। সকাল থেকেই রাজধানীর আকাশজুড়ে ছিল মেঘ-রোদ্দুরের লুকোচুরি। শাওন গগনে মেঘের ঘোর ঘনঘটা থাকলেও কাঙ্ক্ষিত বৃষ্টির ছোঁয়া পায়নি প্রকৃতি। তবে বকুলতলায় ঠিকই বেজেছে ঘুঙুরের রিনিঝিনি। ইট-পাথরের শহরে একপশলা বৃষ্টির আক্ষেপ যেন ঘুচিয়ে দিল শিল্পীদের নাচের ছন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছায়াসুনিবিড় বকুলতলায় শুক্রবার এভাবেই ‘ঘনঘটা’ শীর্ষক নৃত্য প্রযোজনার আনন্দের ঢেউয়ে ভাসল শতসহস্র উৎসবপ্রিয় মানুষ।
অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় বর্ষা উদযাপনের এই উৎসব শুরু হয় ঠিক সকাল ১১টায়। এর আগে থেকেই চারুকলা অনুষদের বকুলতলায় সাদা, নীল বা সবুজ শাড়ি-পাঞ্জাবির পাশাপাশি নানা রঙের পোশাকে হাজির হন দর্শক।
৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। তিল ধারণের ঠাঁই না থাকা বকুলতলা পরিণত হয় উৎসবের জনসমুদ্রে।
আয়োজনের একটি বিশেষ দিক ছিলÑ বৃষ্টির মৌসুম হলেও কারও হাতে ছাতা ছিল না, মঞ্চেও রাখা হয়নি কোনো ছাউনি। আয়োজকদের ঘোষণাই ছিল, ‘ছাতা নিয়ে আসা যাবে না, ভিজব একসাথেই’।
দুপুর গড়িয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা অবশ্য মেলেনি। তবে আষাঢ়ের বৃষ্টিধারায় একসঙ্গে ভেজা না হলেও, ‘ঘনঘটা’র বৃষ্টির গানের সঙ্গে শিল্পীদের নৃত্যের তালে-ছন্দে ঠিকই অন্য রকম এক আনন্দধারায় সিক্ত হন উপস্থিত দর্শকরা।
এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে যেমন ছিল খুদে শিশু ও প্রথমবারের মতো মঞ্চে ওঠা শিল্পীরা, তেমনি ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গৃহিণী ও শিক্ষার্থীসহ নানা পেশার অপেশাদার অদম্য নৃত্যশিল্পীরা।
আয়োজকদের মতে, ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব; যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়।
একুশে পদক পাওয়ার পর নৃত্যশিল্পী অর্থী আহমেদের নির্দেশনায় অনুষ্ঠিত এটিই ছিল প্রথম আয়োজন। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গানে মঞ্চে যখন একঝাঁক তরুণ শিল্পী তাদের নৃত্য পরিবেশন করছিলেন, তখন পুরো দর্শকসারিতেও যেন সেই নাচের ঢেউ উথলে উঠছিল। ফাঁকে ফাঁকে ভেসে আসছিল বৃষ্টির কবিতার দোলায়িত ছন্দ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আবহমান গ্রামবাংলার লোক-ঐতিহ্যভিত্তিক ১৬টি নান্দনিক নৃত্য পরিবেশনায় উঠে আসে বাংলার বর্ষার চিরন্তন রূপ-রস-গন্ধ।
প্রায় চার মাসের প্রস্তুতি শেষে আয়োজিত এই অনুষ্ঠান কেবল বর্ষা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করাও এর অন্যতম উদ্দেশ্য ছিল।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় দুটি অনুদান বুথ স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীরা স্বেচ্ছায় অনুদান দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান।
নৃত্যশিল্পী অর্থী আহমেদ বলেন, “নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা আমাদের উৎসব ও প্রাণের অংশ। মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায়Ñ আমরা মূলত এমন একটি মানবিক পরিসর তৈরি করতে চেয়েছি। শিল্পী হিসেবে সমাজের প্রতি এটি আমাদের একটি বড় দায়িত্ব।”
গত বছর একই স্থানে ১১০ জন শিল্পীর অংশগ্রহণে প্রথম ‘ঘনঘটা’ আয়োজন করেছিল অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। গতবারের দারুণ সাড়া এবার আরও বড় পরিসরে ‘ঘনঘটা-২’ নামে এই মানবিক ও সাংস্কৃতিক মেলবন্ধনটি আয়োজন করতে অনুপ্রাণিত করেছে বলে জানান আয়োজকরা।