ফেনীর ফুলগাজী উপজেলায় শ্যামা কালী মন্দিরে বৃহস্পতিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফুলগাজীতে একটি মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকার, দানবাক্সের নগদ অর্থ এবং পিতল-কাঁসার সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা।
চুরি হওয়া মালামালের মূল্য প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা বলে দাবি মন্দির সংশ্লিষ্টদের।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয় লোকজন গেট ও তালা ভাঙা দেখতে পান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কিসমত বাসুড়া এলাকার শ্যামা কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির সংশ্লিষ্টদের ভাষ্য, প্রতিমার শরীর থেকে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং আট থেকে ১০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে। এ ছাড়া দানবাক্স ভেঙে নগদ অর্থ ও পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দির সংশ্লিষ্ট রাজীব চন্দ্র দাস বলেন, চোরচক্র মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রুপার অলংকার খুলে নিয়ে যায়। দানবাক্স ভেঙে নগদ অর্থও চুরি করে। মন্দিরের অন্যান্য কক্ষের তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। ঘূর্ণিঝড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, একই রাতে আশপাশের আরও কয়েকটি স্থানে তালা ভাঙার ঘটনা ঘটেছে। পাশের একটি শীতলা মন্দিরেও তালা ভাঙার চেষ্টা করা হয়। এসব ঘটনায় এলাকায় চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত বলেন, মন্দির থেকে মায়ের বহু স্বর্ণালংকার, পিতল ও কাঁসার সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনো শোনেননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।
জামায়াতে ইসলামীর ফুলগাজী সদর ইউনিয়নের আমির মো. আবুল কালাম শামীম বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরি অত্যন্ত নিন্দনীয়। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ ও এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের তৎপরতা বাড়ানো প্রয়োজন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঞা বলেন, ফুলগাজীর ইতিহাসে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা তার জানা মতে এই প্রথম। মন্দির কমিটিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পুলিশি তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।
ফুলগাজী থানার ওসি শাহীন মিয়া বলেন, মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের থানায় ডাকা হয়েছে। চুরির ঘটনায় মাদকাসক্ত ব্যক্তি কিংবা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দির থেকে রুপার অলংকার ও প্রতিমায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণত প্রতিমায় স্বর্ণের চেইন থাকে না। তবে এ মন্দিরে চেইন থাকার বিষয়টি আগে থেকে জানতেন, এমন কেউ এ ঘটনায় জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।