× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে পুলিশ

মাদক নয়, চুরি করতে দেখে ফেলায় রংপুরে ৪ খুন

রংপুর অফিস

প্রকাশ : ২১ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন মোটিভ সামনে এনেছে পুলিশ। ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, মূলত চুরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মুহা: মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, অবসরের ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পরিবারসহ ভারতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের। অন্যদিকে, মাছের দোকানে কাজ করা মুগ্ধ চুরির অর্থ দিয়ে নিজের জীবনমানের উন্নয়ন এবং গরুর খামার গড়তে চেয়েছিলেন। এ উদ্দেশ্যে গত ২১ আগস্ট ভোরে তারা গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরি করতে যান। এ সময় একে একে পরিবারের চার সদস্যকে হত্যা করেন।

মাহবুবুর রশীদ বলেন, নিরবচ্ছিন্ন তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারা, চুরির অভিযোগে ৩৮০ ধারা এবং একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংঘটনের অভিযোগে ৩৪ ধারা যুক্ত করা হয়েছে। মামলায় ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো ৬৬টি আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, বাসায় বিদ্যুতের সংযোগ না থাকায় অভিযুক্তরা অপেক্ষা করছিলেন, কখন কেউ বাড়ি থেকে বের হবেন। পরে সুযোগ বুঝে চুরির পরিকল্পনা বাস্তবায়ন করবেন। একপর্যায়ে ছাদে সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে ফেলেন গণপতি। এরপর প্রথমে তাকে হত্যা করা হয়। পরে সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী এবং ঘরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করেন তারা। হত্যার পর বাড়ির বিভিন্ন আলমারি ও ড্রয়ার তল্লাশি করে কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। তবে অবসরের ২০ লাখ টাকা তারা পাননি। গ্রেপ্তারের পর অভিযুক্তদের কাছ থেকে চুরি করা মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, আসামি ও সাক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দির সঙ্গে ঘটনার বিভিন্ন তথ্যের মিল পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে সেখানে দুই আসামির ডিএনএ পাওয়া যায়। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, ‘গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের রহস্য কোনো গল্পের পর্যায়ে নেই, এটি একটি ঘটনা। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের আগের বক্তব্যে যা ছিল

এর আগে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, ইয়াবা সেবনের সময় গণপতি চক্রবর্তী দেখে ফেলায় তাকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করেন তারা।

পুলিশের ওই সময়ের বক্তব্য অনুযায়ী, প্রতিবেশী দেবু দাসের ভবন দিয়ে গণপতির বাড়ির ছাদে ওঠেন দুই অভিযুক্ত। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।

হত্যার পর দুই অভিযুক্ত বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করেন। ডাকাতির ঘটনা হিসেবে দেখিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ আড়াল করতেই এমনটি করা হয় বলে আগের বক্তব্যে জানিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, ২২ আগস্ট সন্ধ্যায় স্বজনদের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে নগরীর মাছুয়াপাড়ার বাড়িতে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা