× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটের সোনা বাটোয়ারা নিয়ে খুন হন যুবদল নেতা সাকের

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম

নিহত যুবদল নেতা সাকের হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত যুবদল নেতা সাকের হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হতে শুরু করেছে। ঘটনার নেপথ্যে উঠে এসেছে সোনা ডাকাতি ও ভাগাভাগির চাঞ্চল্যকর তথ্য। ঢাকা থেকে ভারত সীমান্তের উদ্দেশে নিয়ে যাওয়া প্রায় সাড়ে ৩ কেজি সোনার একটি চালান লুটের পর নিজেদের মধ্যে বণ্টন নিয়ে বিরোধের জেরেই এই খুন বলে দাবি করছে একাধিক সূত্র।

এ ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মাগুরা শহরের পারনান্দুয়ালী থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ্রমিক নেতা মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ ভরি সোনার বার উদ্ধার করা হয়। হত্যাকাণ্ড ও সোনা লুটের বিষয়ে মারুফ পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মারুফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি মো. ফারুক আহমেদ। তবে তদন্তের স্বার্থে উদ্ধার করা সোনার পরিমাণ বা অন্য কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি। ওসি জানান, মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

মামলাটিতে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা হলেনÑ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার, তার বান্ধবী শামীমা তাবাসসুম লুবনা এবং ঝিনাইদহের সোনা ব্যবসায়ী অনিমেষ মজুমদার।

তদন্ত ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। তিনি দীর্ঘদিন ধরে কাউন্টার মাস্টার হিসেবে সেখানে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভোরে দুই যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অপপ্রচার চালিয়ে তড়িঘড়ি দাফনের চেষ্টা করা হলেও, পরে ময়নাতদন্তে তার মাথার ভেতর থেকে গুলি বের করা হয়।

পরবর্তীতে নিহতের স্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাগুরা সদর থানায় হত্যা ও অস্ত্র মামলা করেন। পুলিশ ঘটনার পরপরই রনি শিকদার ও লুবনাকে আটক করে পাঁচ দিনের রিমান্ডে নেয়। তাদের দেওয়া তথ্যে সোনা লুটের বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর ঢাকার তাঁতীবাজার থেকে ঝিনাইদহের জুয়েলারি ব্যবসায়ী অনিমেষ মজুমদারের উদ্দেশে সায়েদাবাদ থেকে বাসে ১৫০ ভরি সোনা নিয়ে রওনা হন মজিবর নামের এক ব্যক্তি। দুপুর ১টার দিকে খবর পেয়ে সাকের ও তার সহযোগীরা মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পুলিশ পরিচয়ে বাসটি থামিয়ে মজিবরকে জোরপূর্বক নামিয়ে নেয়। পরবর্তীতে তাকে মারধর করে ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যমানের ১৫০ ভরি তেজাবি সোনা ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সোনা ডাকাতির বিষয়ে ৬ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি মামলাও করেন ভুক্তভোগী মজিবর।

ছিনতাই করা এই বিশাল অঙ্কের সোনা ভাগাভাগি নিয়ে সাকেরের সঙ্গে তার অন্য রাজনৈতিক সহযোগীদের তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই বিরোধের পথ ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা