খুলনা অফিস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৫:৩০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম
রূপসা উপজেলার আঠারোবেকি নদীর ঘাট থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনার পর এবার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর ঘাট থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার জেলখানা ঘাটসংলগ্ন আলম মেম্বারের ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নদীর কাদাপানির মধ্যে প্রথমে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে একই এলাকায় আরও একটি মরদেহ দেখতে পান তাঁরা। বিষয়টি পুলিশকে জানানো হলে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া দুজনের একজন মেহেদী হাসান সোহাগ (৩৫)। তিনি রূপসা উপজেলার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। পেশায় জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপরজন রেজাউল করিম (৩০)। তাঁর বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে তাঁদের মৃত্যুর কারণ কিংবা কীভাবে মরদেহ দুটি নদীতে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথায় রক্তাক্ত ক্ষতচিহ্নও দেখা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, স্থানীয়দের খবরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে।
উল্লেখ্য,গত রবিবার সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতা নিহত হন। এর আগে শনিবার রাতে নগরের দারোগাপাড়া এলাকায় চাপাতির কোপে শহিদুল (৩৫) নামে এক যুবক খুন হন। পরপর দুটি হত্যাকাণ্ডের পর নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।