× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৩ পিএম

অভিযুক্ত এনামুল হক এনা (বাঁয়ে) ও মো. রিয়াজ।

অভিযুক্ত এনামুল হক এনা (বাঁয়ে) ও মো. রিয়াজ।

পটুয়াখালীর বাউফলের একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ শুনানি শেষে রবিবার এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন এনামুল হক এনা (৩৫) ও মো. রিয়াজ (৩৭)।

এনামুল হক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপকূলীয় প্রতিনিধি এবং মো. রিয়াজ দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি।

আদালত সূত্রে জানা যায়, মিসকেস নং ১১৮৯/২৬-এর শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী মো. আনোয়ার হোসেন (৫) জামিনের আবেদন করেন। এর আগে উচ্চ আদালত আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী রবিবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও বাদীর বক্তব্য অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে এনামুল হক, মো. রিয়াজসহ আরও কয়েকজন বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একটি বাড়িতে যান।

তারা নিজেদের সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ওই পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী রতন মন্ডলের অভিযোগ, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং ঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক দোকানির কাছ থেকে ধার করে ২০ হাজার টাকা দেন দাবি করে তিনি বলেন, পরদিন আরও ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

এজাহারে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে একটি মুসলিম পরিবারের মেয়ে প্রেমের সম্পর্কের কারণে পালিয়ে গিয়ে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেন। বর্তমানে ওই নারী হিন্দু ধর্ম পালন করছেন এবং তাদের সংসারে আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, পুরোনো ওই ঘটনাকে সামনে এনে অভিযুক্তরা পরিবারটির কাছে টাকা দাবি করেন।

ঘটনার পর রতন মন্ডল ২৮ জুলাই বাউফল থানায় মামলা করেন। মামলায় এনামুল হক এনা ও মো. রিয়াজের নাম উল্লেখ করে আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে।

আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী রতন মন্ডল বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা