প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪ এএম
ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। ছবি: ভিডিও থেকে
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে শনিবার মধ্যরাতে সালমান মুক্তাদিরের ব্রাউন ফিশ স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর রবিবার সকালে নিজের ফেসবুক পেজে স্টুডিওর বিধ্বস্ত অবস্থা দেখিয়েছেন সালমান। ভিডিওতে দেখা গেছে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়েছে।
সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির কয়েকজন কর্মী ভবন মালিকের কাছে চাঁদা দাবি করেছিলেন। সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ হয়ে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
ঘটনার পর প্রকাশিত এক ভিডিওতে সালমান মুক্তাদিরকে বিএনপির কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, “চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই”।
ভিডিওর শুরুতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, কোনো রাজনৈতিক দলের তোষামোদ না করলে দেশে ব্যক্তির নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে।
ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা এসে সরাসরি সেখানেই যান।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের মতো লোক হঠাৎ স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে স্টুডিওতে থাকা কয়েকজন কর্মকর্তা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। এ সময় স্টুডিওতে থাকা বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এদিকে, ঘটনাটিকে জায়গা দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলা হিসেবে দেখছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে ছোরাসহ আটক করা হয়েছে”।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।