× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজিসহ ত্রিমুখী সংকটে জেরবার ঐতিহ্যের শ্যামবাজার

বোরহানউদ্দিন মাহমুদ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩ এএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬ এএম

’পুরোনো জৌলুস হারানোর পথে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঢাকার অন্যতম প্রাচীন ও বৃহৎ পাইকারি বাজার শ্যামবাজার। ছবি: সংগৃহীত

’পুরোনো জৌলুস হারানোর পথে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঢাকার অন্যতম প্রাচীন ও বৃহৎ পাইকারি বাজার শ্যামবাজার। ছবি: সংগৃহীত

ভোরের আলো ফোটার আগেই বুড়িগঙ্গার তীরে যেখানে লাখ লাখ টাকার কৃষিপণ্যের হাঁকডাক শুরু হয়, সেই ঐতিহ্যবাহী শ্যামবাজার এখন নিজেই নানা সংকটে জর্জরিত।

একসময়ের নৌপথ-নির্ভর এই বাজার এখন পুরোপুরি সড়ক-নির্ভর হয়ে পড়ায় নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। এর সঙ্গে যোগ হয়েছে পথে পথে বেপরোয়া চাঁদাবাজি ও অনুন্নত অবকাঠামো। চাপে পিষ্ট হচ্ছেন আড়তদাররা, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। 

শ্যামবাজারের ইতিহাস বহু পুরনো। ১৭৪০ সালে ঢাকার নায়েবে নাজিম নওয়াজিশ মোহাম্মদ খানের আমলে ফরাসি বণিকেরা বুড়িগঙ্গার তীরে একটি ছোট গঞ্জ বা বাজার গড়ে তুলেছিলেন। সেই অঞ্চলটিই পরে ‘ফরাশগঞ্জ’ নামে পরিচিতি পায়।

রূপলাল হাউসের পূর্বদিকে একসময় একটি বড় সবজিবাগান ছিল, যা ‘সবজি মহল’ নামে পরিচিত ছিল। এর পাশেই থাকা একটি সেতুকে স্থানীয়রা ‘শ্যামবাবুর পুল’ নামে ডাকত। সেই সূত্র ধরেই এই এলাকার বাজারটি কালের পরিক্রমায় ‘শ্যামবাজার’ নামে পরিচিতি লাভ করে। ১৯৫০-এর দশকে এখানে সুসংগঠিতভাবে কৃষিপণ্যের আড়ত গড়ে ওঠে। পরে ইমামগঞ্জ ও জিঞ্জিরার ব্যবসায়ীদের একটি বড় অংশ এখানে চলে এলে বাজারটির পরিধি আরও বিস্তৃত হয়।

বর্তমানে শ্যামবাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি কৃষিপণ্যের আড়ত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, আলু ও শুকনা মরিচ এসব আড়ত থেকেই রাজধানীর খুচরা বাজারগুলোতে পৌঁছায়। সরবরাহ স্বাভাবিক থাকলে এখানকার পাইকারি দরে বড় কোনো অস্থিরতা দেখা যায় না। তবে পরিবহন ব্যয় ও চাঁদাবাজির কারণে দামের মারাত্মক ওঠানামা হয়, যা সরাসরি ঢাকার নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলে।

কৃষিপণ্যের পাশাপাশি পান-সুপারির অন্যতম বড় পাইকারি বাজার এটি। ফরাশগঞ্জ রোডে ৩টি বড় শেডে ৭০টির বেশি পানের আড়ত রয়েছে। শ্যামবাজার পান আড়ত সমিতির তথ্যমতে, প্রতিদিন গড়ে ৩০টির বেশি ট্রাকে প্রায় ৫ থেকে ৭ লাখ বিড়া পান এখানে আসে। মান ও আকারভেদে প্রতি বিড়া পান ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়।

শ্যামবাজারের পুরনো ব্যবসায়ীদের কাছে নৌপথের সেই সোনালি দিনের স্মৃতি আজও অমলিন। প্রবীণ ব্যবসায়ী জাবের মিয়া জানান, একসময় বাজারের আশপাশে একাধিক ঘাট দিয়ে পণ্য ওঠানো-নামানো হতো। কিন্তু সদরঘাটকেন্দ্রিক নৌপরিবহনের পরিবর্তন ও নদীতীর দখলের কারণে সেই ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

সড়কপথের ওপর শতভাগ নির্ভরতার কারণে পুরান ঢাকার সরু রাস্তায় প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, ভ্যান ও রিকশার চাপে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপরই নয়, আশপাশের বাসিন্দা ও পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যানজটের চেয়েও ব্যবসায়ীদের সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন চাঁদাবাজি। শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাজার থেকে প্রতিদিন পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক দলের পরিচয়ে বেপরোয়া চাঁদা আদায় করা হচ্ছে। ট্রাক থেকে পণ্য নামানোর সময় যেমন চাঁদা দিতে হয়, ট্রাকে তোলার সময়ও দিতে হয়।’ ব্যবসায়ী মালেক পাটোয়ারী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পণ্য পরিবহনে এই অতিরিক্ত চাঁদার চাপ শেষ পর্যন্ত খুচরা বাজারে গিয়ে পড়ে। ফলে ভোক্তাকেই বেশি দামে পণ্য কিনতে হয়।

রাজধানীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় শ্যামবাজারের ভূমিকা আজও অনস্বীকার্য। তবে ৪০০ বছরের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে কেবল পুরনো আবেগে আটকে থাকলে চলবে না। বাজারটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং পুনরায় নদীপথের ব্যবহার চালুর বিষয়ে নতুন করে ভাবতে হবে।

শ্যামবাজার শুধু একটি বাজার নয়, এটি ঢাকার অর্থনৈতিক ইতিহাসের এক জীবন্ত অংশ। চাঁদাবাজির লাগাম টেনে এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ঐতিহ্যের ভারসাম্য তৈরি করা গেলেই কেবল এই প্রাচীন বাণিজ্যকেন্দ্র তার হারানো গৌরব নিয়ে টিকে থাকতে পারবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা