কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:৩৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২১:৪৭ পিএম
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট। ফাইল ছবি/বাসস
পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
জলকপাটগুলো শনিবার রাত ১০টায় খোলার কথা থাকলেও পরিস্থিতির প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে রাত আটটাতেই বাঁধের গেটগুলো খুলে দেয় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, ১৬টি জলকপাট দিয়ে বর্তমানে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাঁধের পানি ছাড়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির উচ্চতার তারতম্যের ওপর ভিত্তি করে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়ানো হতে পারে।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। এই ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৪১ হাজার কিউসেক পানি নদীতে নামছে।
হ্রদের পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। তবে জোয়ারের সময় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ জন্য কর্ণফুলী নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।