রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম
রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে নিমজ্জিত হওয়ায় পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সিম্বল অব রাঙামাটি হিসেবে খ্যাত জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে।
এতে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শনিবার দুপুর থেকে পর্যটকদের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি)।
বিপিসির আঞ্চলিক ইউনিট রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানান তিনি ।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৫ এমএসএল (মিনস সি লেভেল) উঠে যাওয়ায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বেশিরভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।
এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।
হ্রদের পানি আরও বাড়তে থাকায় শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় জলকপাট খোলার পরিমাণ বাড়ানো বা কমানো হতে পারে। এছাড়া পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলেই সেতুটি পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে।