এম রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২১:১৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
নওগাঁয় পুনর্ভবা নদীতে আতাউর রহমান ভ্রাম্যমাণ হাঁসের খামার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় সাত বছর আগের কথা। অভাবের সংসার। হাঁস পালন শুরু করার মতো পুঁজিও ছিল না। পরে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন হাঁস পালন। সেই হাঁসই আজ বদলে দিয়েছে নওগাঁর পোরশা উপজেলার আতাউর রহমানের জীবন। বর্তমানে প্রায় ৮৫০টি হাঁসের মালিক তিনি। ডিম বিক্রি করে সব খরচ বাদে মাসে তার আয় প্রায় ৯০ হাজার টাকা।
আতাউর রহমান (৫৫) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের হবির মোড় এলাকার বাসিন্দা। প্রথম দিকে অন্য কোনো কাজ করার পরিকল্পনা থাকলেও পরিবারের পরামর্শে হাঁস পালন শুরু করেন তিনি। তবে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় শুরুতে নিজের কোনো পুঁজি ছিল না। পরে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু হয় তার হাঁস পালনের যাত্রা।
শনিবার সকালে পুনর্ভবা নদীতে আতাউরের ভ্রাম্যমাণ হাঁসের খামারে অবস্থানের সময় তার সঙ্গে কথা হয়। তিনি জানান, বর্তমানে তার খামারে প্রায় ৮৫০টি হাঁস রয়েছে। এসব হাঁসের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
আতাউর বলেন, প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করে প্রায় সাত হাজার টাকা আয় হয়। এর মধ্যে হাঁসের খাবারসহ অন্যান্য খাতে খরচ হয় প্রায় চার হাজার টাকা। ফলে প্রতিদিন খরচ বাদে তার আয় থাকে প্রায় তিন হাজার টাকা। সে হিসাবে মাসে তার নিট আয় প্রায় ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, শুরুটা মোটেও সহজ ছিল না। পুঁজির অভাবে নদী, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে হাঁসের পাল নিয়ে ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ খামার পরিচালনা শুরু করেন। উন্মুক্ত জলাশয়ে হাঁস চরানোর পাশাপাশি প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করায় তার খরচ কমেছে। একই সঙ্গে ডিমের মানও ভালো থাকে।
হাঁস পালনের আয়েই বদলে গেছে আতাউরের পরিবারের জীবনযাত্রা। নিজের উপার্জনে তিনি কিনেছেন দুই বিঘা জমি। নির্মাণ করেছেন ইটের নতুন বাড়ি। পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণের পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও এই আয়ের মাধ্যমেই চালাচ্ছেন তিনি।
আতাউরের তিন ছেলে রয়েছে। বড় ছেলে পড়াশোনা শেষ করে একটি মাদরাসায় শিক্ষকতা করছেন। মেঝো ছেলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে বাবাকে হাঁস পালনের কাজে সহযোগিতা করছেন। আর ছোট ছেলে সদ্য এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।
আতাউর রহমান বলেন, ‘সঠিক নিয়ম মেনে ও পরিশ্রম করে হাঁস পালন করলে ক্ষতির আশঙ্কা কম। এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণই আমাকে শুরু করার সুযোগ করে দিয়েছিল। সেই ঋণই আজ আমাকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।’
স্থানীয়দের কাছে আতাউর রহমান এখন সফলতার উদাহরণ। তার সাফল্য এলাকার অনেক বেকার যুবককেও হাঁস পালনে আগ্রহী করে তুলছে। সঠিক পরিকল্পনা, শ্রম ও উদ্যোগ থাকলে সীমিত পুঁজি নিয়েও যে স্বাবলম্বী হওয়া সম্ভব, তারই দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি।
কৃষি ও প্রকৃতি থেকে আছে পড়ুন...