মীর ফাহাদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৭:৩৪ পিএম
ময়মনসিংহের ভালুকায় নিজের মাশরুম খামারে আবু লাইস মানিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবাসজীবনের ইতি টেনে নিজ গ্রামেই সফলতার আলো ছড়িয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর এলাকার আবু লাইস মানিক। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ ও মাশরুম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করে আজ তিনি একজন সফল উদ্যোক্তা। নিজের গড়া ‘মাশরুম বাড়ী’ খামার থেকে মাশরুম ও প্রক্রিয়াজাত খাদ্য বিক্রি করে প্রতি মাসে প্রায় এক লাখ টাকা আয় করছেন তিনি।
সরেজমিনে কথা বলে জানা যায়, প্রায় ৯ বছর সৌদি আরবে থাকার সময় বাংলাভিশন টেলিভিশনে মাশরুম চাষের ওপর একটি প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হন মানিক। ২০০৮ সালে দেশে ফিরে ছোট ভাইয়ের পরামর্শ ও সহযোগিতায় ২০০৯ সালে কোনো প্রশিক্ষণ ছাড়াই ১০০টি রেডিমেড স্পন প্যাকেট দিয়ে পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ শুরু করেন।
পরবর্তীতে প্রতি মাসে ২০০ থেকে ৩০০টি স্পন প্যাকেট এনে উৎপাদন বাড়াতে থাকেন তিনি। ২০১০ সালে ময়মনসিংহ হর্টিকালচার সেন্টার থেকে তিন দিনের প্রশিক্ষণ নেন। শুরুতে বসতঘরের ছোট একটি জায়গায় যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় দুই হাজার বর্গফুট জায়গায় মাশরুম চাষ করছেন মানিক।
তার খামারে প্রতিদিন চারজন শ্রমিক কাজ করেন। তাদের মাসিক ছয় থেকে আট হাজার টাকা বেতন দেওয়া হয়। শ্রমিকদের পাশাপাশি তিনি ও তার পরিবারের সদস্যরাও নিয়মিত খামারে কাজ করেন।
মাশরুমের ফলন ও আয়ের হিসাব দিতে গিয়ে মানিক জানান, স্পন প্যাকেট বসানোর ২৫ থেকে ৩০ দিনের মধ্যে মাশরুম উঠতে শুরু করে। দুই কেজির একটি স্পন প্যাকেট থেকে প্রায় দুই কেজি পর্যন্ত কাঁচা মাশরুম পাওয়া যায়। এসব মাশরুম বাজারে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।
শুধু কাঁচা মাশরুম বিক্রি করেই তার মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হয়। তবে শুধু উৎপাদনেই থেমে থাকেননি তিনি। মাশরুম দিয়ে তৈরি করছেন বিভিন্ন উপাদেয় খাবার।
ভালুকা বাজারের পাঁচ রাস্তার মোড়ে প্রতিদিন ভ্যানগাড়িতে মাশরুমের চপ, বড়া ও রোল তৈরি করে বিক্রি করা হয়। পাশাপাশি ভালুকা পৌর এলাকায় হোম ডেলিভারি ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে মাশরুম ও প্রক্রিয়াজাত খাবার সরবরাহ করছেন।
ফুড প্রসেসিং খাত থেকে তার মাসে বাড়তি ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হচ্ছে। এ ছাড়া নিজের খামারে মানসম্মত মাশরুমের বীজ বা স্পন উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন তিনি।
মানিক বলেন, তার কাজের প্রতি নিষ্ঠা দেখে ২০২৩ সালে ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস তাকে ১০ দিনের উন্নত প্রশিক্ষণ দেয়। পরবর্তীতে কৃষি অফিস থেকে একটি প্রদর্শনী ঘর, চাষের প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং চপ তৈরি ও বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি উপহার হিসেবে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও লাভজনক একটি ফসল। আমার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এখন মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আমার খামার দেখতে আসেন এবং তৈরি খাবার খেয়ে প্রশংসা করেন।’
‘সরকারিভাবে সহজ শর্তে কৃষিঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে শিক্ষিত বেকার যুবকরা মাশরুম চাষের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারবে এবং দেশে বেকারত্ব অনেকাংশে দূর হবে। ভবিষ্যতে খামার বড় করে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।’
উপজেলা কৃষি কর্মকর্তা নূসরাত জামান বলেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণসম্পন্ন খাবার। মাশরুম চাষও অনেক লাভজনক। এ দেশের আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের উপযোগী। মাশরুম চাষের জন্য কোনো উর্বর জমির প্রয়োজন হয় না। বসতঘরের পাশে অব্যবহৃত জায়গা ও ঘরের বারান্দা ব্যবহার করে অধিক পরিমাণ মাশরুম উৎপাদন করা সম্ভব। উপজেলায় বাণিজ্যিক ও ব্যক্তি উদ্যোগে মাশরুম চাষ হচ্ছে।