প্রতীকী ছবি।
নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে এক গৃহবধূর বাড়িতে গভীর রাতে প্রেসার মাপতে গিয়ে গত দুদিন ধরে প্রেসারে আছেন এক গ্রাম্য চিকিৎসক।
বৃষ্টিভেজা গৃহবধূর বাড়িতে প্রেসার মাপার অযুহাতে প্রবেশের পর স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই চিকিৎসক।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে যান গ্রাম্য চিকিৎসক।
গৃহবধূর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে গ্রাম্য চিকিৎসক শফিউল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
তারা জানান, সেদিন রাতে গৃহবধূর মামা শ্বশুরসহ স্বজনরা তাদের একসঙ্গে দেখতে পেয়ে চিকিৎসককে আটকানোর চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উদ্যোগে দুই দফা সালিস বৈঠক হলেও কোনও সমাধান হয়নি।
এদিকে ওই গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় একটি করাতকলে দিনমজুরের কাজ করেন। অভাবের কারণে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
তার দাবি, ওই চিকিৎসক বিভিন্ন সময় ফোন করে তাকে বিরক্ত করতেন এবং স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিতেন।
তার অভিযোগ, ঘটনার রাতে তিনি দরজা খুলতেই ওই চিকিৎসক ‘জোরপূর্বক’ ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরেন। এ সময় স্বজনরা এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চিকিৎসক জানান, গভীর রাতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে ফোন করে তাকে ডাকেন। তিনি দাবি করেন, গৃহবধূর রক্তচাপ (প্রেসার) বেড়ে যাওয়ার খবর পেয়ে চিকিৎসা দিতে সেখানে গিয়েছিলেন।
তার দাবি, ঘরে ঢোকার কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে ঘিরে ধরে ভিডিও ধারণ শুরু করলে ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
তিনি জানান, ওই পরিবারে তিনি আগে থেকেই আর্থিক সহায়তা করতেন এবং গৃহবধূকে বিভিন্ন সময় টাকা ধার দিয়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রাম্য চিকিৎসক ও ওই গৃহবধূর মধ্যে সম্পর্কের বিষয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা ছিল। গত ২৯ জুলাই রাতে দুজনকে একসঙ্গে পাওয়ার পর বিষয়টি নিয়ে দুই দফা সালিস হয়েছে। তবে কোনও সমঝোতা হয়নি।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।