শিক্ষক জলিলুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও ইংরেজি শিক্ষক জলিলুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই অভিযুক্ত শিক্ষককে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তদন্ত শেষে গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থাপনা কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত আদেশে বলা হয়েছে, অভিযুক্তের কর্মকাণ্ডে বিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের ইংরেজি ক্লাস নেওয়ার পাশাপাশি বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। সেই সূত্রে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত শিক্ষক জলিলুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রমাণ মিলেছে। বিদ্যালয়ের সম্মান ও শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, তদন্তের ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।