× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমএসএফের প্রতিবেদন

জুলাই মাসে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৯:৫০ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ২০:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে জুন মাসের তুলনায় জুলাইয়ে নারী ও শিশু নির্যাতনের সামগ্রিক ঘটনা কিছুটা কমলেও উদ্বেগজনকভাবে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা। 

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর জেন্ডারভিত্তিক সহিংসতার মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩০৬টি ঘটনা ঘটেছে। জুনে এ সংখ্যা ছিল ৩২০টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে মোট ঘটনা কমেছে প্রায় ৪ দশমিক ৪ শতাংশ। 

তবে সংস্থাটি বলছে, সংখ্যাগতভাবে কিছুটা কমলেও নির্যাতনের ধরন দিন দিন আরও নৃশংস ও জটিল হয়ে উঠছে।

এমএসএফ সভাপতি সুলতানা কামালের স্বাক্ষরে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশের কয়েকটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক এবং স্থানীয় মানবাধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে ধর্ষণ ও আত্মহত্যার বৃদ্ধি। জুলাই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯০টি, যেখানে জুনে ছিল ৬৮টি। অর্থাৎ এক মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। একই সময়ে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনাও ২১টি থেকে বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জুনে আত্মহত্যার ঘটনা ছিল ১৭টি, যা জুলাইয়ে বেড়ে হয়েছে ২৮টি। এক মাসে আত্মহত্যার হার বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। এমএসএফ বলছে, ধর্ষণের মতো অপরাধের বৃদ্ধি নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার গভীর সংকটকে নির্দেশ করে। আর আত্মহত্যার উচ্চ হার সামাজিক নিপীড়ন, চাপ ও বিচারহীনতার নেতিবাচক প্রভাবের প্রতিফলন হতে পারে।

তবে কিছু অপরাধের সংখ্যা জুলাইয়ে কমেছে। এ মাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি, যা জুনে ছিল ১৬টি। ধর্ষণ ও হত্যার ঘটনা ৫টি থেকে কমে হয়েছে ৩টি। ধর্ষণচেষ্টা ৩৫টি থেকে কমে ৩৪টি এবং শারীরিক নির্যাতন ৫৬টি থেকে কমে ৪২টিতে নেমেছে।

এ ছাড়া নারী ও শিশু হত্যাকাণ্ডের সংখ্যাও কমেছে। জুনে যেখানে ৭৬ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছিলেন, জুলাইয়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২ জনে। তবে অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২টি থেকে বেড়ে ১৩টিতে পৌঁছেছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা দুই মাসেই একটি করে ঘটেছে।

প্রতিবেদনে আইন অমান্য করে সালিসের মাধ্যমে গুরুতর ফৌজদারি অপরাধ নিষ্পত্তির প্রবণতা নিয়েও উদ্বেগ জানিয়েছে এমএসএফ। জুলাইয়ে ধর্ষণচেষ্টা ও বলাৎকারের অন্তত তিনটি ঘটনা বেআইনি সালিসে মীমাংসা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া জুলাইয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ জন নবজাতক উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ জন মৃত এবং ৩ জন জীবিত ছিল। এমএসএফের মতে, এসব ঘটনায় কার্যকর তদন্ত ও অপরাধীদের শনাক্তে দুর্বলতা থাকায় দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা