ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:২০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৬:৩৯ পিএম
নিহত লিলি বেগম। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে লিলি বেগম (৬০) নামের এক বিধবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া গাইনহাটি এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান ভৈরব থানা পুলিশ।
নিহত লিলি বেগম জগন্নাথপুর দক্ষিণ পাড়া গাইনহাটি এলাকার মৃত সুরুত আলীর স্ত্রী ও হাজী ধন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস।অভিযুক্তরা একই এলাকার জাহাঙ্গীর মিয়া (৩৫) ও তার স্ত্রী লিমা বেগম (৩০)। জাহাঙ্গীর মিয়া ওই এলাকার মানিক মিয়ার ছেলে। ঘটনার পর জাহাঙ্গীর ও তার পরিবার ঘর-বাড়ি তালাবদ্ধ করে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাড়ির উঠুন ঝাড়ু দিচ্ছিলেন লিলি বেগম। এসময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ১০ বছর বয়সী ছেলে আলিফ সাইকেল চালাচ্ছিলেন। সাইকেল চালানোর সময় আলিফ লিলি বেগমের শরীরে সাইকেল লাগিয়ে দিলে বিষয়টি নিয়ে আলিফের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় লিলি বেগমের।
এক পর্যায়ে লিলি বেগমকে মারধর শুরু করেন জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী। মারধরে ও বাঁশ, ইটের একাধিক আঘাতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন লিলি বেগম। স্থানীয়রা লিলি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী বকুল বেগম ও বেদেনা বেগম বলেন, লিলি বেগম ও তার সন্তানরা এলাকার নিরীহ মানুষ। প্রায় সময় জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে লিলি বেগমের বাকবিতন্ডা হতো। শুক্রবার বিকালে জাহাঙ্গীরের ছেলের সাইকেল চালনোর ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও বাঁশের আঘাতে লিলি বেগম মারা যান।
ঘটনার পর জাহাঙ্গীর ও তার পরিবার বাড়িঘর তালা দিয়ে পালিয়ে গেছেন বলে জানান তারা।
তারা আরও জানান, লিলি বেগমের স্বামী মারা গেছে তিন সন্তান রেখে। মেয়ে দুইটার বিয়ের বয়স হয়েছে। একমাত্র ছেলে মানুষিক প্রতিবন্ধী। তারপরও ভৈরব বাজারে ব্যবসায়ীদের টিফিন বাক্সে খাবার সাপ্লাই করে। লিলি বেগম মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো।
এ বিষয়ে নিহতের মেয়ে সৌরভি বলেন, “আমার মাকে জাহাঙ্গীর ও তার স্ত্রী পিটিয়ে হত্যা করেছে। আমার মা আমাদের লালন পালন করতেন। আমাদের এখন কি হবে। আমরা অসহায় হয়ে পড়েছি। জাহাঙ্গীর আমাদের এতিম করে দিয়েছে। আমরা জাহাঙ্গীরের ফাঁসি চাই”।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, এ ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।