বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৭:৫১ পিএম
প্রতীকী ছবি
বান্দরবান পৌর এলাকায় ৫০০ টাকা ধারের পাওনা নিয়ে বাকবিতণ্ডার জেরে উচনু মারমা (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পৌরসভার নিউগুলশান এলাকায় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত উচনু মারমা ওই এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ধারের টাকা আদায়কে কেন্দ্র করে দুপুরে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম ক্ষুব্ধ হয়ে উচনুকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সেলিম পলাতক রয়েছেন।
ওসি বলেন, ৫০০ টাকার ঘটনায় উচনু মারমা নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশকে অভিযান চলছে।