মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৪১ মিনিট আগে
সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
মেহেরপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে চারজনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে শুক্রবার ভোরে এই চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরের দিকে সীমান্তের ওপারে চারজন ব্যক্তিকে দেখা যায়। পরে বিজিবি কঠোর অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। একপর্যায়ে ধাওয়া দিলে তারা ভারতের কাঁটাতারের কাছাকাছি ফিরে যায়। পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কয়েকটি কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়।
বিজিবি ও স্থানীয়রা বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও তাদের আর পাওয়া যায়নি। পরে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়।
বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “শুক্রবার ভোরে বৃষ্টির আগে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং ফিরে যায়”।
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর”।