× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দরেই আছেন ম্যাজিস্ট্রেট নওশাদ, নেই সেই ‘সুপার পাওয়ার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৫:১৭ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

২০২৫ সালের অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেন নওশাদ খান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৫ সালের অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেন নওশাদ খান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

যাত্রী হয়রানি, লাগেজ চুরি ও বিমানবন্দরের নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান এখনও দায়িত্ব পালন করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

তবে আগের মতো তার অভিযান বা তৎপরতার ভিডিও এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যাচ্ছে না। এ কারণেই ছড়িয়েছে তার বদলি হওয়ার নানা গুঞ্জন।

তবে নওশাদ খান জানিয়েছেন, তিনি এখনও বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন। এমনকি সম্প্রতি লাগেজ সংক্রান্ত কাজেও তিনি দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেন নওশাদ খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিমানবন্দরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার তাৎক্ষণিক পদক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাত্রী হয়রানি, লাগেজ নিয়ে অভিযোগ কিংবা বিমানবন্দরের কর্মীদের অনিয়ম- বিভিন্ন ঘটনায় সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়ার কারণে যাত্রী ও প্রবাসীদের মধ্যে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘ফাটাকেষ্ট’ নামে ডাকা শুরু করেন।

লাগেজ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ কমাতে তার সময় বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়। লাগেজ হ্যান্ডলিং ও রিলিজের সঙ্গে যুক্ত কর্মীদের বডি ক্যামেরার আওতায় আনা, গুরুত্বপূর্ণ কন্টাক্ট জোনে সিসিটিভি স্থাপন এবং ক্যামেরার ফুটেজ নির্দিষ্ট সময় সংরক্ষণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এসব তৎপরতার কারণে বিমানবন্দরে কোনো অনিয়মের অভিযোগ উঠলেই আলোচনায় চলে আসত নওশাদ খানের নাম। অনেক যাত্রী মনে করেছিলেন, বিমানবন্দরের অনিয়ম ঠেকাতে এবার দৃশ্যমান কঠোর নজরদারি তৈরি হয়েছে।

কিন্তু সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি কমে যায়। একই সময়ে বিমানবন্দরের যাত্রীসেবা নিয়েও ফের নানা অভিযোগ সামনে আসতে থাকে। দীর্ঘ অপেক্ষা, লাগেজ পেতে বিলম্ব, ট্রলির সংকটসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।

সম্প্রতি মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি সরবরাহ নিয়ে বিমানবন্দরে উত্তেজনার ঘটনায় সেই ক্ষোভ আরও সামনে আসে।

এ ঘটনার পর বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সরকারি কাজে বাধা, হুমকি এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনায় আসে নওশাদ খানের পুরোনো অভিযানগুলোর ভিডিও। অনেকে প্রশ্ন তোলেন- যাত্রীদের অভিযোগে দ্রুত ছুটে যাওয়া সেই কর্মকর্তা এখন কোথায়? বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে তার সেই দৃশ্যমান কঠোরতা কি আর নেই?

কেউ কেউ নওশাদ খানকে আবার আগের ভূমিকায় দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। অনেকেই বলছেন তাকে হয়তো অন্য কোথাও বদলি করে দেওয়া হয়েছে।

তবে এসব গুঞ্জনের বিষয়ে নওশাদ খানের বক্তব্য ভিন্ন। বর্তমানে কোথায় এবং কী দায়িত্বে আছেন জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি এখনও বিমানবন্দরেই আছি। একটু আগে লাগেজের কাজ করলাম। এসব খবর অনলাইনে দেখছি”।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আগের মতো দেখা না যাওয়ার কারণও জানিয়েছেন তিনি। নওশাদ বলেন, “আমি তেমন সোশ্যাল মিডিয়ায় আসি না। এড়িয়ে চলি”।

বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে নওশাদ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই আসে, তবে নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়।

তার ভাষায়, “সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আসলে শোনা যায়। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট করে কেউ কোনো অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। সাধারণ মানুষকে বলব সুনির্দিষ্ট অভিযোগ জানাতে। তাহলে প্রতিকার পাবেনই”।

অর্থাৎ, গুঞ্জন থাকলেও নওশাদ খান বিমানবন্দর থেকে সরে যাননি। তবে আগের মতো তার প্রকাশ্য অভিযান ও দৃশ্যমান তৎপরতা না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ‘সুপার পাওয়ার’ হারানোর প্রশ্ন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা