× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে ভোগান্তির অবসান হোক

সম্পাদকীয়

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা ও যাত্রী ভোগান্তির যেন শেষ নেই। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা এখন চরম আকার ধারণ করেছে; যা দেশের প্রধান আকাশদ্বারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। অভিযোগ রয়েছেÑ প্রবাসী কর্মী, রেমিট্যান্স যোদ্ধা এবং বিদেশি পর্যটকসহ হাজার হাজার যাত্রী প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাগেজের জন্য অপেক্ষা করে চরম হয়রানির শিকার হচ্ছেন। একটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে রাষ্ট্রীয় আতিথেয়তা ও শৃঙ্খলার প্রতীক হওয়ার কথা, সেখানে যাত্রীদের এমন ক্ষোভ ও দীর্ঘশ্বাস প্রত্যাশিত নয়।

দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফেরা একজন যাত্রীর স্বাভাবিক প্রত্যাশাÑ বিমান থেকে নেমে দ্রুত ইমিগ্রেশন শেষ করবেন, লাগেজ সংগ্রহ করবেন, কাস্টমস পেরিয়ে স্বজনদের কাছে ফিরবেন। কিন্তু বিমানবন্দরে অনেক যাত্রীর জন্য এই স্বাভাবিক প্রত্যাশাই পরিণত হচ্ছে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির পরীক্ষায়। বিমান ল্যান্ড করার পর কখনও ভেতরে অপেক্ষা, কখনও ইমিগ্রেশনের দীর্ঘ সারি, এরপর লাগেজের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে থাকা, লাগেজ হাতে পাওয়ার পর ট্রলির সংকট এবং সবশেষে কাস্টমসÑ একটির পর একটি ধাপ পেরিয়ে বিমানবন্দর থেকে বের হতে কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। দুর্ভোগ থেকে রেহাই নেই নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদেরও। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘শাহজালাল বিমানবন্দর : লাগেজ অব্যবস্থাপনায় ভোগান্তিতে যাত্রীরা’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, জমজমের পানির কন্টেইনার নিয়ে জটিলতা ও পর্যাপ্ত ট্রলি না থাকাকে কেন্দ্র করে যাত্রীদের ক্ষোভের বিষয়টি সামনে আসে। কর্তৃপক্ষের ভাষ্য, এখানে প্রতিদিন ১৫৯ থেকে ২০০টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী যাতায়াত করে। বছরে ৮০ লাখ যাত্রী সামলানোর সক্ষমতা থাকলেও গত বছর যাতায়াত করেছে ১ কোটি ২৭ লাখ। লাগেজ সরবরাহের জন্য রয়েছে আটটি কনভেয়ার বেল্ট। তাদের দাবি, যাত্রীসংখ্যা বাড়লেও বিমানবন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়েনি সেই অনুপাতে। যাত্রী ভোগান্তির এসব অভিযোগের মধ্যে শুক্রবার বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি যাত্রীদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্টদের যাত্রীসেবার মান উন্নত করা ও দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। 

সমস্যাটি কেবল সময়ক্ষেপণের নয়, এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে প্রশ্ন বৈকি! যাত্রীরা বিমানের টিকিট কেনেন কেবল আকাশপথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য নয়, বিমানবন্দরে নিরাপদ, সুশৃঙ্খল পরিবেশ ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়া তার বৈধ অধিকার। তাই দীর্ঘ যাত্রার পর ঘণ্টার পর ঘণ্টা লাগেজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কিংবা পর্যাপ্ত ট্রলি না পেয়ে অসহায়ভাবে ঘোরাঘুরি করা কোনো আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র হতে পারে না।

উদ্বেগের বিষয় হলো, এই ভোগান্তির দায় একক কোনো সংস্থার ওপর চাপিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। বিমানবন্দরের সার্বিক সেবা একটি সমন্বিত প্রক্রিয়া। বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইনস, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান, ইমিগ্রেশন, কাস্টমসÑ প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট। কোথায় কত সময় লাগছে, কোন ধাপে জট তৈরি হচ্ছে এবং তার জন্য দায়ী কেÑ এগুলো নিয়মিতভাবে পযালোচনা করা জরুরি। অভিযোগের পরিবর্তে প্রয়োজন দৃশ্যমান জবাবদিহি।

সমস্যাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়োজনে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হোক। প্রতিটি লাগেজের অবস্থান শনাক্ত করার কার্যকর ব্যবস্থা, নির্ধারিত সময়ে ব্যাগেজ সরবরাহের মানদণ্ড এবং বিলম্ব হলে যাত্রীকে তাৎক্ষণিক তথ্য দেওয়ার ব্যবস্থা থাকা জরুরি। কনভেয়ার বেল্ট ও ট্রলির পর্যাপ্ততা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়টিও ভাবতে হবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য আলাদা সহায়তা ডেস্ক এবং দ্রুত সেবা নিশ্চিত করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিমানবন্দরকে শুধু অবকাঠামো দিয়ে নয়, সেবার মান দিয়ে আধুনিক করতে হবে। অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

কর্তৃপক্ষের মনে রাখা দরকার, বিমানবন্দরের সাফল্য কেবল কয়টি বিমান ওঠানামা করল, তার হিসাব নয়; একজন ক্লান্ত যাত্রী কতটা স্বস্তি ও মর্যাদার সঙ্গে বিমানবন্দর ছাড়তে পারলেন, সেটিও তার গুরুত্বপূর্ণ মানদণ্ড। আমরা মনে করি, শাহজালাল বিমানবন্দরকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে এখনই সমন্বিত, সময়বদ্ধ ও জবাবদিহিমূলক উদ্যোগ প্রয়োজন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা