গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ঘিরে নানা অব্যবস্থাপনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মার্কেটটি সরকারি, কিন্তু এর ভেতরের চেহারা দেখলে মনে হবে কোনো অভিভাবক নেই। নকশার বাইরে গড়ে উঠেছে সারি সারি অবৈধ দোকান। উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত ও নোটিস আছে, কিন্তু উচ্ছেদ নেই। বরং বছরের পর বছর ধরে দখলের মাত্রা আরও বাড়ছে। আলো-বাতাস চলাচলের স্থান কিংবা অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে বের হওয়ার পথও কোথাও কোথাও দখলে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চিত্র ঠিক এমনই। এখানে ৯৭২টি বৈধ দোকানের পাশাপাশি গড়ে উঠেছে নকশা-বহির্ভূত ৫১৩টি অবৈধ দোকান। শুধু তাই নয়, পঞ্চম তলার পুরোটাই অবৈধ কাঠামোতে ঠাসা এবং ছাদের প্রায় এক-তৃতীয়াংশ টিন দিয়ে ঘিরে বানানো হয়েছে গোডাউন। এই অবৈধ সাম্রাজ্য ঘিরে চলছে চাঁদাবাজির রমরমা বাণিজ্য, আর সিটি করপোরেশন যেন এক নীরব দর্শক।
সিটি করপোরেশনের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, মার্কেট নির্মাণের দায়িত্ব মার্কেট নির্মাণ সেলের। নির্মাণ শেষে তা হস্তান্তর করা হয় সম্পত্তি শাখার কাছে। এরপর রাজস্ব শাখা সালামি আদায়, দখল হস্তান্তর, অস্থায়ী ও স্থায়ী বরাদ্দ, ভাড়া গ্রহণ ও ট্রেড লাইসেন্স প্রদানের কাজ করে। ফলে অবৈধ দোকান উচ্ছেদ ও রাজস্ব ব্যবস্থাপনায় সম্পত্তি ও রাজস্বÑ দুই শাখারই সরাসরি দায়িত্ব রয়েছে।
এ মার্কেট নিয়ে চলছে দুটি পৃথক প্রক্রিয়া। একদিকে পুনর্বিন্যাসের উদ্যোগ অন্যদিকে অপসারণ। আবার এ মার্কেটে নতুন করে আরও ১৯টি দোকান নির্মাণের প্রস্তাবও এসেছে। মার্কেটটি নিয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিস্তারিত প্রতিবেদন দেন ডিএসসিসির কারিগরি কমিটি।
প্রতিবেদনে প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করে মাস্টারপ্ল্যানের বাইরে ১৮৮টি দোকান চিহ্নিত করেছে। এর মধ্যে ২০১২ সালে অস্থায়ী বরাদ্দ পাওয়া ১১৬টি দোকানের পুনর্বিন্যাসের উদ্যোগ চলছে। ৫৩টি দোকানকে ‘অননুমোদিত ও অপসারণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত উচ্ছেদের সুপারিশ করা হয়। কিন্তু ২ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৮ মাসেও একটি দোকানও উচ্ছেদ হয়নি।
এই ১১৬টি দোকানের ইতিহাসও রহস্যময়। ২০১৮ সালের পর থেকে গত ছয় বছর ধরে এসব দোকান থেকে সরকারিভাবে কোনো ভাড়া আদায় করা হয়নি। সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে এসব দোকানকে স্থায়ী বরাদ্দের আশ্বাস দিয়ে দোকানপ্রতি ৬ লাখ টাকা আদায়ের অভিযোগও রয়েছে। ২০২১ ও ২০২২ সালে বড় উচ্ছেদ অভিযান চালানো হলেও পরে প্রশাসনের গাফিলতিতে সেসব জায়গা আবারও দখল হয়ে যায়।
সুন্দরবন স্কয়ার মার্কেটের উচ্ছেদ আটকে থাকার পেছনে আদালতের মামলার স্থগিতাদেশের কথাও প্রায়ই বলা হয়। প্রতিদিনের বাংলাদেশের হাতে থাকা নথি থেকে জানা যায়, নকশা-বহির্ভূত দোকান নির্মাণের বিষয়ে হাইকোর্টে বর্তমানে ১১টি মামলা চলমান। তবে এসব মামলায় নতুন নির্মাণ স্থগিতাদেশের আওতার বাইরে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ছাদের নতুন গোডাউন কিংবা পরে নির্মিত স্থাপনাগুলোর ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ প্রযোজ্য নয়। ফলে সব অবৈধ স্থাপনার উচ্ছেদ আদালতের কারণেই আটকে আছেÑ এমন দাবি ধোপে টেকে না।
অন্যদিকে কারিগরি কমিটি পঞ্চম তলার বেআইনি কাঠামোর অগ্নিনিরাপত্তা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম গঠনের কথা বললেও সেই প্রক্রিয়াও আলোর মুখ দেখেনি।
এদিকে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ডিএসসিসির বিবিধ আদায় শাখা (অঞ্চল-৪) থেকে নতুন তথ্য সংযোজন করে নকশার বাইরে নির্মিত অবৈধ স্থাপনা জরুরি ভিত্তিতে উচ্ছেদের জন্য পুনরায় নথি পাঠানো হয়েছে।
নকশা-বহির্ভূত স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ডিএসসিসির বর্তমান প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মার্কেটগুলোতে নতুন করে কোনো অবৈধ দখল তৈরি হচ্ছে কি না, তা তদারকি করে প্রতি সপ্তাহে রিপোর্ট দেওয়ার জন্য বাজার সুপারভাইজারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবৈধ দখলের রিপোর্ট এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থার জন্য পাঠানো হচ্ছে। তবে মূল উচ্ছেদ কার্যক্রমটি পরবর্তীতে সম্পত্তি বিভাগ থেকে পরিচালনা করা হয়”।
১০ লাখ টাকা চাঁদা দাবি
উচ্ছেদ প্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতার মধ্যেই এসেছে মারাত্মক চাঁদাবাজির অভিযোগ। গত ২৪ মে ডিএসসিসির প্রশাসকের কাছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুল ইসলাম একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগ, অবৈধ দোকানগুলো বৈধ করার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র দোকানপ্রতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে দোকান ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
অবাক করার বিষয় হলো, চাঁদাবাজির এই অভিযোগের ঠিক কয়েক দিন আগে, ১৯ মে ডিএসসিসি ১১৬টি দোকানের তথ্য যাচাই ও পুনর্বিন্যাসের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। প্রশ্ন উঠেছে, সরকারি এই প্রশাসনিক প্রক্রিয়ার গোপনীয় তথ্য কীভাবে চাঁদাবাজ চক্রের হাতে পৌঁছল? অভিযোগ আছে, নেপথ্যের প্রভাবশালীদের ইশারায় মধ্যস্বত্বভোগীরাই এই চাঁদাবাজির সঙ্গে জড়িত।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, “লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। তবে এটি চাঁদাবাজি, যা একটি ফৌজদারি অপরাধ। ভুক্তভোগীদের উচিত এ বিষয়ে থানায় মামলা করা”।
হারিয়ে গেছে ১২টি চলন্ত সিঁড়ি
অবকাঠামোগত ক্ষতির চিত্র আরও ভয়াবহ। ব্যবসায়ীদের অভিযোগ, সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য রাখা ১২টি মূল্যবান চলন্ত লিফট (এসকেলেটর) ও জেনারেটর খুলে বিক্রি করে দিয়ে সেখানে অবৈধ দোকান বসিয়েছে একটি চক্র।
মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুল ইসলাম বলেন, “৯৭২টি বৈধ দোকানের বাইরে থাকা স্থাপনাগুলো থেকে সিটি করপোরেশন কোনো রাজস্ব পাচ্ছে না। বেআইনি স্থাপনা ভেঙে মার্কেটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলে আমাদের কোনো আপত্তি নেই”।
এত অভিযোগ ও অসঙ্গতির পরও সাড়ে সাত মাসে একটি দোকানও উচ্ছেদ না হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম বলেন, “উচ্ছেদের অনুমোদন থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর অনুমোদন না থাকলে তা নিয়ে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা হবে”।