মহাকাশযান উৎক্ষেপণের দৃশ্য। ছবি: আনাদোলু
আট বছরের দীর্ঘ যাত্রা শেষে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ের এই মিশনটি গত শনিবার বুধের কক্ষপথে অবস্থান নেয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু আজ সোমবার এ খবর জানিয়েছে।
অভিযানটিতে দুটি মহাকাশযান রয়েছে—ইএসএ–এর ‘মার্কারি প্ল্যানেটারি অরবিটার’ এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থার (জাক্সা) ‘মিও’। আগামী ৯-১০ ডিসেম্বর আলাদা হয়ে যান দুটি প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন কক্ষপথ থেকে একই সঙ্গে বুধের ভূপ্রকৃতি, চৌম্বকক্ষেত্র ও বরফের উপস্থিতি নিয়ে অনুসন্ধান চালাবে। ২০২৭ সালের এপ্রিলে এর পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে সফটওয়্যারজনিত একটি সমস্যার কারণে কক্ষপথে প্রবেশের সময় থ্রাস্টার চালনায় কিছুটা বিঘ্ন ঘটলেও মহাকাশযানটি নিরাপদ রয়েছে এবং প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে মিশন সংশ্লিষ্ট দল।
২০১৮ সালে ফরাসি গায়ানা থেকে উৎক্ষেপিত বেপিকলম্বো হলো নাসার ‘মেসেঞ্জার’ (২০১১–২০১৫)-এর পর বুধের কক্ষপথে পৌঁছানো ইতিহাসের দ্বিতীয় মহাকাশ মিশন।