× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহাসিক রেকর্ড: পৃথিবী থেকে ১ আলোক-দিনের দূরত্বে ভয়েজার ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

আপডেট : ২১ মিনিট আগে

শিল্পীর চোখে ভয়েজার মহাকাশযানের একটি কাল্পনিক চিত্র। ছবি: নাসা

শিল্পীর চোখে ভয়েজার মহাকাশযানের একটি কাল্পনিক চিত্র। ছবি: নাসা

মহাকাশ গবেষণায় এক নজিরবিহীন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিপ স্পেস প্রোব ‘ভয়েজার ১’। মানবনির্মিত প্রথম কোনো বস্তু হিসেবে এটি পৃথিবী থেকে ১ আলোক-দিনের দূরত্ব অতিক্রম করেছে।

১ আলোক-দিন হলো এমন একটি দূরত্ব, যেখান থেকে আলোর গতিতে চলা একটি রেডিও সংকেত পৃথিবীতে পৌঁছাতে ঠিক ২৪ ঘণ্টা সময় নেয়। এই পথ প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটারের সমান। গত বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিটের (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম ভোর ৫টা ১৬ মিনিট) কিছু পর যানটি এই রেকর্ড স্পর্শ করে।

১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের উদ্দেশ্যে যানটি উৎক্ষেপণ করা হয়েছিল। মাত্র পাঁচ বছর মেয়াদের মিশন নিয়ে যাত্রা শুরু করলেও প্রায় ৪৯ বছর ধরে সচল রয়েছে ভয়েজার ১। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ভয়েজার মিশন ম্যানেজার কারিম বদরুদ্দিন বলেন, “এটি আগে কখনো ঘটেনি এবং ভবিষ্যতে হয়তো আর কখনো ঘটবে না—ঘটনাটি এতটাই অসাধারণ।”

বর্তমানে আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার স্পেসে থাকা এই মহাকাশযানের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। পৃথিবী থেকে পাঠানো কোনো সংকেত সেখানে পৌঁছাতে ২৪ ঘণ্টা লাগে এবং এর ফিরতি উত্তর আসতে আরও ২৪ ঘণ্টা সময় লাগে—অর্থাৎ একটি বার্তার পূর্ণ যোগাযোগের জন্য দুই দিন অপেক্ষা করতে হয় প্রকৌশলীদের।

দিন দিন যানটির অনবোর্ড শক্তির ঘাটতি বাড়ছে। প্লুটোনিয়ামভিত্তিক জেনারেটরগুলো থেকে বর্তমানে মাত্র ২১০ ওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। শক্তি বাঁচাতে নাসা এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে ৮টিই বন্ধ করে দিয়েছে; বর্তমানে কেবল দুটি যন্ত্র সক্রিয় রয়েছে। সম্প্রতি ‘বিগ ব্যাং’ নামের এক সাহসী প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে অপ্রয়োজনীয় কিছু হার্ডওয়্যার বন্ধ করে ১০ ওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা হয়েছে, যা যানটিকে আরও আড়াই বছর সচল রাখার রসদ জুগিয়েছে।

বর্তমানে ঘণ্টায় ৩৮ হাজার মাইল বেগে ছুটে চলা ভয়েজার ১ পৃথিবী থেকে ১৭ আলোক-বর্ষের বেশি দূরে অবস্থিত ‘গ্লিজ ৪৪৫’ নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। এতে মানব সংস্কৃতির নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে ৫৫টি ভাষার অভিবাদন ও বার্তাসমৃদ্ধ বিখ্যাত ‘গোল্ডেন রেকর্ড’। বিজ্ঞানীদের ধারণা, শক্তি সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার পরও যানটি অনন্তকাল ধরে মহাশূন্যে তার এই নিঃশব্দ যাত্রা অব্যাহত রাখবে।

তথ্যসূত্র: সিএনএন 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা