প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১১:০২ এএম
বিশ্বকাপে সেমিফাইনাল খেলবেন কারা- সেই প্রশ্নের তাল যেন কেটেছে। বিশেষজ্ঞরা তথ্য-উপাত্ত আর পরিসংখ্যান ঘেঁটে জানাচ্ছেন, বৈশ্বিক আসরে আলো ছড়াবেন কারা, কে হতে পারেন সর্বোচ্চ রান স্কোরার অথবা কে হবেন দলের মূল খেলোয়াড়।
আরও পড়ুন - আত্মবিশ্বাসটা পেয়েছি
এত সব আলোচনার মাঝে হার্শা ভোগলে সাকিব আল হাসানের বদলি একজনকে পেয়ে গেছেন। বিশ্বকাপে বাংলাদেশের দুই তারকাকে নিয়ে বাজিও ধরেছেন।
জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শার মনে ধরেছে মেহেদি হাসান মিরাজকে। বাংলাদেশের টপ অর্ডার বিশ্লেষণ করতে গিয়ে স্তুতি গেয়েছেন নাজমুল হোসেন শান্তর।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে ‘আলো ছড়াবেন কারা’বিষয়ক আলোচনায় বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম বলেছেন হার্শা, ‘আমি বাংলাদেশের একজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদি মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এরপর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’
শান্তকে লম্বা রেসের ঘোড়া মনে করছেন হার্শা, ‘শান্ত মুগ্ধ করার মতো ধারাবাহিক। টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে।’