× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজিদ হাসান তামিম বললেন

আত্মবিশ্বাসটা পেয়েছি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১০:৩০ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১০:৩১ এএম

আত্মবিশ্বাসটা পেয়েছি

একটা সময় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ছিল ওপেনিং। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ তো বটেই। ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ নিউজিল্যান্ড সিরিজেও ইনিংস উদ্বোধনে বাংলাদেশ ক্রিকেটের দৃশ্যপট ছিল একই- যা আরও বেশি আলোচনায় ছিল বিশ্বকাপের আগমুহূর্তে। একে তো তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ।

আরও পড়ুন - তপুদের নিষেধাজ্ঞায় চুপ ব্রুজন

তার ওপর রানখরায় ভোগা লিটন দাসের সঙ্গী করা হয়েছে তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে সেই তরুণই সবাইকে দিলেন অভয়। ওপেনিংয়ে তার প্রতি আস্থা রাখার জন্য দলকে প্রতিদান দেওয়ার আভাস দিয়ে রাখলেন। পরপর দুটি প্রস্তুতি ম্যাচেই বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে তরুণ ওপেনার তানজিদকে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। যার পথটা তৈরি করে দিয়েছিলেন লিটন-তানজিদ। দুজনই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে লঙ্কানদের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য ছোঁয়ার পথটা সহজ করে দিয়েছিলেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের পর সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হাসে তার ব্যাট। তানজিদ তামিম করেন ৪৫ রান।

প্রস্তুতি ম্যাচ থেকে কুড়িয়ে পাওয়া এমন আত্মবিশ্বাস বিশ্বকাপের মূল লড়াইয়ে প্রেরণা হয়ে কাজে দেবে বলে জানিয়েছেন তানজিদ, ‘আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে... এখান থেকে যে আত্মবিশ্বাসটা পেয়েছি, সেটা আশা করি আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।’ 

এর আগেই অবশ্য এশিয়া কাপে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল জুনিয়র তামিমের। সেখানে ইনিংস বড় করতে পারেননি। সেই আক্ষেপও ঝরল তানজিদের কণ্ঠে, ‘যদিও আমি ভালো করতে পারিনি (আন্তর্জাতিক শুরু)। আমি মনে করি আমার শুরুটা ভালো হলেও টেনে নিতে পারিনি। এখানে চেষ্টা করেছি শুরুটা ভালো হলে যেন টেনে নিতে পারি। ওই জিনিসটাই চেষ্টা করেছি।’ 

প্রথম ওয়ার্মআপ ম্যাচে ৮৪ করেন তানজিদ। মানে সেঞ্চুরির দুয়ারে গিয়েও মিস করেন। এবং দ্বিতীয় ম্যাচটিতে তার ব্যাট ছুঁয়ে এসেছে ৪৫ রান। এবার ফিফটি মিস করেন ৫ রানের জন্য। প্রথমে শতক এবং পরে হাফসেঞ্চুরি হাতছাড়া করলে এ নিয়ে আফসোস থাকতেই পারে যেকোনো ব্যাটারের মনে। সেই প্রসঙ্গে তরুণ এ ওপেনিং ব্যাটার বলেন, ‘অবশ্যই খারাপ লাগে। এখান থেকে যে ভুলটা করেছি চেষ্টা করব পরবর্তী সময়ে যেন এই ভুলটা না হয়।’ 

সামনে বিশ্বকাপের মতো বড় আসর। সেখানে থাকবে বড় চ্যালেঞ্জ। কারণ টুর্নামেন্টে প্রতিপক্ষও যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। ক্রিকেট পরাশক্তিদের মোকাবিলায় অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কেমন বার্তা পেয়েছেন? উত্তরে তানজিদ বলেন, ‘সবাই আমাকে অনেক ফ্রিডম দিয়েছে এতদিন আমি যেভাবে খেলেছি সেভাবে খেলার। শুধু মাইন্ডসেটটা একটু বদলানোর (পরামর্শ দিয়েছে)। আমি যুব বিশ্বকাপ খেলেছি, এখন সিনিয়র বিশ্বকাপে। চেষ্টা করব... সবাই একটা কথাই বলেছেন- ইতিবাচক থেকে কীভাবে খেলা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা