প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ০১:৪১ এএম
প্রথম ম্যাচ হেরে মালদ্বীপ থেকে ফিরেছে বসুন্ধরা কিংস। এএফসি কাপে গ্রুপ পর্বের লড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায়। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ তো দূরে থাক, স্কোয়াডেই নেই তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরছালিনদের মতো ফুটবলাররা। এই তিন খেলোয়াড়ের সঙ্গে তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেনকেও সোমবারের ম্যাচে নিষিদ্ধ করেছিল কিংস কর্তৃপক্ষ।
আরও পড়ুন - বাতিলের খাতায় বিশ্বকাপের উদ্বোধনী!
অভিযোগ শৃঙ্খলাভঙ্গের। তবে কী ধরনের শৃঙ্খলাভঙ্গ, সেটি অবশ্য না জানানোর সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। সূত্র জানাচ্ছে, এএফসি কাপে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচটি খেলতে কিংস যখন মালদ্বীপ গিয়েছিল, এই পাঁচ খেলোয়াড় সেই সময় শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। যেহেতু তাদের সোমবার খেলানো হয়নি, তাই ‘শৃঙ্খলাভঙ্গে’র অভিযোগটা যে গুরুতর, সেটি আর বুঝতে বাকি নেই।
কিন্তু তারপরও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই ওড়িশার বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার স্বস্তির কথা জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন। তবে নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাননি এ স্প্যানিশ কোচ, ‘ওদের নিয়ে কথা বলার কেউ নই আমি। এটা ওই খেলোয়াড়দের আর ক্লাব কর্তৃপক্ষের ব্যাপার। তবে আমি খুশি ওদের ছাড়াই ওড়িশার বিপক্ষে ম্যাচটা জিততে পেরেছি বলে।’
মাজিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল এবারের এএফসি কাপে গ্রুপে কিংসের প্রথম লড়াই। আগের দুই এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে জয় পেয়েছিল তারা। তাই এবারও স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল জয়ের। কিন্তু সব হিসাবনিকাশ পাল্টে উল্টো মালের সেই ম্যাচে ৩-১ গোলে হারে কিংস।
তবে সেই হারের হতাশা ঝেরে ফেলে জয়ের ধারায় ফিরতে পেরে যারপরনাই খুশি ব্রুজন। দলের খেলোয়াড়দের পরিশ্রম করার প্রশংসাও করলেন তিনি, ‘আমরা ম্যাচটা জিতে ৩ পয়েন্ট পেয়েছি। এটা বলা খুবই সহজ। কিন্তু গত দুই সপ্তাহে, বিশেষ করে মাজিয়ার বিপক্ষে হারের পর আমার দলের খেলোয়াড়রা যেমন পরিশ্রম করেছে, সেটি বলতেই হয়। আমরা এখন পরের সব ম্যাচ জিততে চাই। বিশেষ করে মোহনবাগান সুপারজায়ান্টসের সঙ্গে পরের দুই ম্যাচ। এরপর আবার পাব ওড়িশাকে। শেষ ম্যাচ মাজিয়ার বিপক্ষে।’
এএফসি কাপে এখন মোহনবাগানের বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামবে কিংস। ২৪ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে মোকাবিলা করবে তারা। ঢাকায় কিংস হোম ম্যাচ খেলবে ৭ নভেম্বর। ওড়িশার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি হবে ভুবনেশ্বরে ১১ ডিসেম্বর। মাজিয়ার সঙ্গে কিংস অ্যারেনায় বসুন্ধরা লড়াই করবে ২৭ নভেম্বর।