প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২৩:৪২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ২৩:৫৯ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ শেষ লাল-সবুজ প্রতিনিধিদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর ইংলিশদের বিপক্ষে হারের মিশ্র অনুভূতি নিয়ে মিরাজরা আজ পৌঁছে গেছেন ধর্মশালায়। হিমাচলে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ক্রিকেটাররা। লক্ষ্য সাকিবদের এবার বিশ্বকাপের মূল লড়াইয়ে প্রতিপক্ষদের মোকাবিলা করা।
আরও পড়ুন - রোনালদোর আরেকটি ‘প্রথম’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। আর ১০ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব আল হাসানের দল।
দলের সঙ্গে কোচিং স্টাফ এবং অন্য খেলোয়াড়রা থাকলেও দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’ নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব। জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে।
আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশ নেওয়া দলগুলোর অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ কাপ্তান। ধর্মশালায় দুই ম্যাচ খেলার পর দক্ষিণ ভারতের চেন্নাইয়ে যাবে বাংলাদেশ। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।