প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২২:২০ পিএম
হাতের কর গোনা দূরত্বে বিশ্বকাপ। বেজে গেছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দামামাও। তার আগে জমে উঠেছে সাবেক-বর্তমানদের ভবিষ্যদ্বাণীও। ট্রেন্ড হয়ে যাওয়া আসরের সেমিফাইনালিস্টের নাম জানানোর তালিকায় যুক্ত হয়েছেন শেন ওয়াটসন। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় অস্ট্রেলিয়ান সাবেক তারকা অলরাউন্ডার শুনিয়েছেন শেষ চার দলের নাম।
আরও পড়ুন - বিশ্বকাপে বাটলারের সেরা পাঁচ
সাম্প্রতিক ফর্ম এবং দলের ব্যাটিং-বোলিংয়ের গভীরতা বিবেচনায় ওয়াটসন রেখেছেন এশিয়ার দুটি দেশ। অন্য দুটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শেষ চারে এদের বেছে নেওয়ার পেছনে কারণও জানিয়েছেন অজি তারকা।
৪২ বছরের ওয়াটসনের দাবি, আইসিসি টুর্নামেন্টে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে অস্ট্রেলিয়ার। এরপরই ঘরের মাঠে বিশ্বকাপ বিবেচনায় ভারতকে এগিয়ে রাখছেন। ঘরের মাঠে সমর্থকরা রোহিত শর্মার দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করছেন ওয়াটসন।
স্বাগতিক ভারত, রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাদে ওয়াটসনের তালিকায় আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান। সেমিফাইনালের শেষ দল হিসেবে পাকিস্তানকে তালিকায় রাখছেন ওয়াটসন।
এশিয়া কাপে হারিয়ে ফেলা ছন্দ বাবর আজমরা ফিরে পেলে শুধু সেমিফাইনালই নয়, শিরোপা নিয়ে এলেও অবাক হবেন না ওয়াটসন। ইংল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে আক্রমণাত্মক খেলার ধরন ও জেতানোর মতো খেলোয়াড়ে পূর্ণ থাকায় দলটি ফেভারিট।