প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৪:০৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ২০:৪৯ পিএম
প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা হয়েছিল দুর্দান্ত। জয়ও এসেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা মোটেই ভালো হলো না। ৯ উইকেট হারিয়ে ১৮৮ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। তার আগে বৃষ্টির কারণে নির্ধারিত ৩৭ ওভারে কমে আসে ম্যাচের পরিধি। ডিএলএস মেথডে ইংল্যান্ডের লক্ষ্যটা দাঁড়িয়েছে ১৯৭।
বৃষ্টিতে ৩৭ ওভারে কমে এসেছে ম্যাচের পরিধি
বৃষ্টি থেমেছে। শুরু হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। তবে ম্যাচের পরিধি কমে গেছে। ওভার কমিয়ে ৩৭ ওভারে হবে খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্তরা ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছিল খেলা।
মিরাজের ফিফটির পর বৃষ্টির হানায় বন্ধ বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা
আবহাওয়ার পূর্বাভাস যেমনটা বলেছিল। বাস্তবে ঘটলও তাই। বৃষ্টি এসে হানা দিয়ে বসেছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। প্রকৃতির বাধায় দুদলের খেলা এখন বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ফিফটি না পেলেও ঠিকই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৬০* রান নিয়ে এখনো তিনি ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
দুরন্ত ব্যাটিংয়েও ফিফটি মিস তানজিদের
আগের ম্যাচে দুর্বার ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকিয়েছিলেন হাফসেঞ্চুরি। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে দিচ্ছিলেন ফিফটির আভাস। কিন্তু নাহ! হলো না ফিফটি। ৫ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তরুণ এ ওপেনারকে। ৪৪ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৫ রানের দাপুটে এক ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন তানজিদ। তার আগে ফিরে গেছেন লিটন দাস (৫) ও নাজমুল হোসেন শান্ত (২)। ৩০* রান নিয়ে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম (৬*)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে শান্ত
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন দেশের লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ম্যাচের শুরুতে বল হাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন - বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ার্মআপ ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি
ইনজুরি সমস্যা অনেকটাই কেটে গেছে। তবু ইংল্যান্ড ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। ফলে আজকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের বিশ্রামে রাখার খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত তারা দুজনেই আজ ইনিংস উদ্বোধন করেছেন।
কিন্তু মিরাজদের শেষ সময়ের প্রস্তুতিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে হানা দিতে পারে মুষলধারার বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে।