প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১২:০৪ পিএম
বিশ্বকাপের মূল লড়াই এখনও শুরু হয়নি। বৈশ্বিক আসরের দামামা বাজতে দিন কয়েক বাকি। তবে তার আগে দলগুলো শেষ সময়ের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। খেলছে আইসিসির সুযোগ করে দেওয়া অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ। কিন্তু ক্রিকেট মহাযজ্ঞের প্রস্তুতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।
আরও পড়ুন : শেষ প্রস্তুতি ম্যাচেও নেই সাকিব
বেরসিক বৃষ্টির হানায় এরই মধ্যে পাঁচটি প্রস্তুতি ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবে ভারতীয় কন্ডিশনে বিশ্বকাপের আসল লড়াইয়ের আগে দলগুলো মাঠের লড়াইয়ে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে কম।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে ধসিয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। দাপুটে এ জয়ের ধারা ধরে রাখতে চায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও। আরেকটি দুর্দান্ত জয় ছিনিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা পা রাখতে চায় ক্রিকেটের বিশ্বমঞ্চে।
কিন্তু মিরাজদের শেষ সময়ের প্রস্তুতিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে হানা দিতে পারে মুষলধারার বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে।
আজ গুয়াহাটিতে তাপমাত্রা থাকবে ২৫-৩৩ ডিগ্রি। তবে সেটা অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো। এই তাপমাত্রার মাঝেও আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত। এমনটা চলতে পারে আগামী দুই সপ্তাহ। আবহাওয়ার পূর্বাভাস ফলে গেলে পণ্ড হতে পারে বাংলাদেশ-ইংল্যান্ড অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ।
একই ভেন্যুতে ভারতের বিপক্ষে ইংলিশদের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। আজকের লড়াইও বাতিল হলে প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। উপমহাদেশের কন্ডিশনে যেটা বেশ কঠিনই হবে জস বাটলারদের জন্য।