প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১০:২২ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১০:২৪ এএম
মাঠের বাইরের ঘটনায় বেশ টালমাটাল ছিল বাংলাদেশ ক্রিকেট। তাতে ভাটা পড়েছিল বিশ্বকাপ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পাওয়া ৭ উইকেটের জয় কিছুটা স্রোত ফিরিয়েছে বিশ্বকাপ-ভাবনায়। তবে শ্রীলঙ্কা ম্যাচে দুশ্চিন্তা যোগ হয়েছিল সাকিব আল হাসানের ইনজুরির কারণে।
আরও পড়ুন - লিটন-তানজিদ বিশ্রামে
তার ইনজুরি সমস্যা অনেকটাই কেটে গেছে। তবু ইংল্যান্ড ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। ফলে আজকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব। তাকে ছাড়াই বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটি বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বাইরের ঘটনার প্রভাব থাকলেও আজ সেটা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ে কিছুটা ঢেকে গেছে মাঠের বাইরের ঘটনা। পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে পাওয়া জয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে যোগ করবে বাড়তি আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেলে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। মূল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ জয় পেলে সেটা যোগ করবে বাড়তি আত্মবিশ্বাস।
এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে নেই কোনো ইনজুরি সমস্যা। অধিনায়ক সাকিব আল হাসানের কিছুটা চোট সমস্যা থাকলেও এখন নেই সেটা। চোট কাটিয়ে উঠেছেন তিনি। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে এই ম্যাচে রাখা হবে না। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে খেলতে পারে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে রানে ফেরা লিটন দাসের সামনে সুযোগ মূল পর্বে মাঠে নামার আগে নিজেকে ফের যাচাই করে নেওয়া। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের সামনেও আছে একই সুযোগ। দলের সব ক্রিকেটারই পাবেন নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ।
এদিকে দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে প্রস্তুতিপর্ব খেলতে গুয়াহাটি গিয়েছিল ইংল্যান্ড। তবে এখনও শান দিতে পারেনি নিজেদের ব্যাটে-বলে। প্রথম প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে খেলার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। ফলে মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শানিয়ে নেওয়ার এটাই একমাত্র সুযোগ ইংল্যান্ডের সামনে।
ইংলিশদের বিপক্ষে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ শিবিরে থাকবে পর্যাপ্ত আত্মবিশ্বাস। এই ম্যাচের পরই লাল-সবুজের প্রতিনিধিরা নামবে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে অবশ্য নিজেদের ভুলত্রুটি কাটিয়ে তুলতে চার দিন সময় পাবে। তবে থাকবে না ম্যাচ খেলার সুযোগ। তাই এই ম্যাচেই নিজেদের সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।