× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

কার বিপক্ষে কেমন পারফরম্যান্স বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১০:৫৯ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১১:০২ এএম

কার বিপক্ষে কেমন পারফরম্যান্স বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের জয়ে বাংলাদেশ শিবিরে বেড়েছে আত্মবিশ্বাস। মূল পর্বে মাঠে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। এরপরই নামবে মূল পর্বে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় প্রথম রাউন্ডে বাংলাদেশকে মুখোমুখি হতে হবে অংশ নেওয়া সব দেশের বিপক্ষে। বিশ্বকাপে ওই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কেমন, সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় হবে এই ম্যাচ। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে আফগানদের মুখোমুখি হন লাল-সবুজ প্রতিনিধিরা। পরের আসরেও দুই দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। এখন পর্যন্ত বিশ্বকাপে দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুইবারই শেষ হাসি হেসেছে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন : নেইমারের পেনাল্টি মিস

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায়। ১০ অক্টোবরের এই ম্যাচের আগে পরিসংখ্যানে দুই দলই আছে সমানে সমান অবস্থায়। এখন পর্যন্ত বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। চার ম্যাচে দুইবার বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। বাকি দুইবার ইংল্যান্ড জিতেছে ম্যাচ।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ডের পর বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত দলটির বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ প্রতিনিধিরা বিশ্বকাপে খেলেছেন পাঁচ ম্যাচ।

বাংলাদেশ বনাম ভারত

আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল চারবার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে একবারই হারিয়েছিল বাংলাদেশ। সেটা ২০০৭ সালে। বাকি তিনবার ম্যাচে জয়ের হাসি হেসেছিল ভারত।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

পুনে থেকে বাংলাদেশের পরবর্তী গন্তব্য মুম্বাই। আগামী ২৪ অক্টোবর এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে চারবার। পরিসংখ্যানে দুই দল আছে সমানে সমান অবস্থানে। দুই দলই সমান দুটি করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

কলকাতায় বাংলাদেশের দুই ম্যাচের প্রথমটি নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ২৮ অক্টোবর ডাচদের মুখোমুখি হবেন সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। এখন পর্যন্ত ইউরোপের এই দলটির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে একটিমাত্র ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১১ সালে চট্টগ্রামের ওই ম্যাচে ডাচদের হারিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ডাচদের বিপক্ষে বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ দল।

বাংলাদেশ বনাম পাকিস্তান

১৯৯৯ সালে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়েছিলেন লাল-সবুজ প্রতিনিধিরা। ওই জয়ের ২০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার বাংলাদেশ হেরেছিল পাকিস্তানের কাছে। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত এই দুই ম্যাচই দুই দলের লড়াই। দুই দল আছে সমানে সমান অবস্থায়। একটি করে জয় আছে দুই দলের ঝুলিতে। আগামী ৩১ অক্টোবর মুখোমুখি হবে দুই দল।

বাংলাদশ বনাম শ্রীলঙ্কা

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যে কয়টি দেশকে হারাতে পারেনি তার মধ্যে অন্যতম শ্রীলঙ্কা। দুই দল এখন পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তিনবার। একবারও জয়ের শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। এবার হয়তো ঘুচতে পারে পরাজয়ের ওই তিক্ত গ্লানি। দিল্লিতে দুই দলের এই লড়াই হবে আগামী ৬ নভেম্বর।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো বিশ্বকাপে বাংলাদেশের কাছে এখনও হারেনি অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ১২ নভেম্বর পুনেতে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে দুই দলের তিন লড়াইয়ে প্রত্যেকবারই জয়ের হাসি হেসেছে অজিরা। এবার সেই রেকর্ডে বদল আসবে এমনটাই প্রত্যাশা সবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা