প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:০১ পিএম
সপ্তাহখানেক পর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। সাবেক-বর্তমান হয়ে বিশেষজ্ঞরা নিজেদের পছন্দের চার সেমিফাইনালিস্ট দিচ্ছেন। ডেল স্টেইন সেখানে খানিকটা আলাদা। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শেষ চার না জানিয়ে শুনিয়েছেন ফাইনালিস্ট দুই দলের নাম। ভবিষ্যদ্বাণীতে অবশ্য নিজের দেশকে রাখেননি স্টেইন!
আরও পড়ুন - দূরত্ব অনুসারে ছক্কায় রান বাড়াতে চান রোহিত
স্টার স্পোর্টসকে স্টেইন বলেছেন, ‘আমার মনে হচ্ছে ফাইনালিস্টদের একটি হতে চলেছে ভারত। সম্ভবত শিরোপা নির্ধারণের মঞ্চে দ্বিতীয় দল হিসেবে থাকবে ইংল্যান্ড। মন যদিও দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ফাইনাল চাচ্ছে। প্রোটিয়াদের অনেক খেলোয়াড় আইপিএল খেলে। ভারতে নিয়মিত খেলার জন্য পরিবেশটা ভালোই জানে। কিন্তু ফাইনালে ভারত ও ইংল্যান্ডকেই এগিয়ে রাখব।’
দিন কয়েক পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অবশ্য পরিসংখ্যানও ভারতের পক্ষে কথা বলছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- বর্তমান সময়ে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে রোহিত শর্মার দল। ভারতকে নিয়ে তাই যেকেউ বাজি ধরতেই পারেন এবং বাজি জিতে গেলেও অবাক হওয়ার কিছু নেই! বিশেষজ্ঞরা যেন ভারতে রেখে অন্য ফাইনালিস্ট খুঁজতে নেমেছেন!