প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩২ পিএম
৯০ মিটার ছক্কায় ৮ রান, ১০০ মিটারে ১০ রান চান রোহিত
কেভিন পিটারসেন দাবিটা অনেক আগেই তুলেছিলেন। কোনো ছক্কা যদি ১০০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে ৬ রানের বদলে ১২ রানের নিয়ম আনার কথা বলেছিলেন। ইংলিশদের সাবেক অধিনায়কের পুরোনো সেই দাবি নতুন করে সামনে এনেছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়কও চান দূরত্ব অনুসারে বড় ছক্কা মারার পুরস্কার।
‘হিটম্যান’ খ্যাত রোহিত দূরত্ব অনুসারে ছক্কাকে দুটি ভাগে ভাগ করেছেন, যদি কোনো ব্যাটার বল সীমানা দড়ির ওপারে ৮০ মিটার নিতে পারেন, তিনি ৬ রানের সঙ্গে আরও কিছু রান পাবেন। দূরত্ব শত মিটার হলে হবে যোগ হবে ১০ রান। ক্রিকেটে যদি কোনো নিয়ম যুক্ত করার সুযোগ থাকত তাহলে ছক্কার দৈর্ঘ্য অনুযায়ী বাড়তি রান দেয়ার কথাই বলতেন রোহিত।
ভারতের অধিনায়ক সম্প্রতি বলেছেন, ‘আমরা যে ছক্কা মারি ৭০–৮০ মিটারের মতো, ৯০ মিটার মারলে ৮ রান দেওয়া উচিত। ১০০ মিটার মারলে ১০ রান দেওয়া উচিত। বড় ছক্কা মারার পুরস্কার তো দিতে হবে!’
ছক্কার দূরত্ব অনুসারে রান না দেওয়াকে অবিচার বলে মনে করেন রোহিত, ‘বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ছয় রানই দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী! গেইল বড় ছক্কা মারে, পোলার্ডও আছে। আমরা এদিক-সেদিক করে মেরে দিই শুধু। এটা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’