মাশরাফিকে ক্যাপ্টেন দেখতে চান সাকিব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৩ পিএম
বাংলাদেশের নেতৃত্বে থাকতে চান না সাকিব আল হাসান। ওয়ানডে বিশ্বকাপ শেষেই ছেড়ে দেবেন অধিনায়কত্ব। কেবল খেলাই উপভোগ করতে চান। প্রাণ খুলে হাসতে চান। ক্যারিয়ারের সায়াহ্নে এসে থাকতে চান মেসির মতো চাপমুক্ত।
আরও পড়ুন - বিশ্বকাপের আগে ভারতের মাটিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, 'এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।'
২০২৫ সালের মধ্যে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিবেন সাকিব, 'আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।'
এখনো মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ দলের অধিনায়ক দেখতে চান অনুরাগী। দেশের ক্রিকেটের বর্তমান সংকট নিরসনে মাশরাফি হতে পারেন একমাত্র সমাধান।
মাশরাফির দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব, 'আমি নিশ্চিত এখনো যদি বলি মাশরাফি ভাইকে অধিনায়ক হিসেবে ২৩ এর বিশ্বকাপ খেলালে ভালো হতো; সবাই খুশি হয়ে যেত। আমি সাইকোলজিটা (সাধারণ মানুষের) বুঝতে পারি। তারা খুবই সহজ-সরল। এ কারণে তারা আসলে এভাবে চিন্তা করে যে, মাশরাফি ভাই যদি এখনো খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে আসে বা দলের অংশ হয়, সবকিছু অন্যরকম হয়ে যাবে।’