প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৩ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্দোরে ভারত ৩৯৯ রানের বিশাল সংগ্রহ আনার পরপরই মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করে বসেছেন। বিশ্বকাপের সপ্তাহখানেকের কিছু বেশি বাকি থাকা সময়ে চার সেমিফাইনালিস্ট না জানিয়ে, সরাসরি শিরোপা কারা জিতবে তাদের নাম শুনিয়েছেন ইংলিশম্যান। ইংল্যান্ডের সাবেক তারকা মনে করেন, ভারতকে হারাতে পারলেই মিলবে বিশ্বকাপ।
আরও পড়ুন - মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল, নেই তামিম
ইংলিশদের সাবেক অধিনায়ক স্রেফ বলার জন্য বলেননি। সাম্প্রতিক সময়ে রোহিত-কোহলিদের হার না মানা ফর্মকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে এশিয়া কাপের চ্যাম্পিয়নদের থামার কারণও শুনিয়েছেন ভন। অধিক প্রত্যাশার চাপ কাল হয়ে দাঁড়াতে পারে বলেও রোহিতদের সতর্ক করেছেন ইংলিশম্যান।
টুইটারে ভন লিখেছেন, ‘আমার কাছে এটা পরিষ্কার— যারা ভারতকে হারাতে পারবে, বিশ্বকাপও তাদের হবে। নিজেদের মাটিতে ভারতের ব্যাটিং লাইনআপ অবিশ্বাস্য। সঙ্গে বোলিংয়েও ওদের সব ধরনের বিকল্প আছে। একমাত্র অতিরিক্ত প্রত্যাশার চাপই ভারতকে থামাতে পারে।’
দিন কয়েক পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অবশ্য পরিসংখ্যানও ভারতের পক্ষে কথা বলছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং— বর্তমান সময়ে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে রোহিত শর্মার দল। ভারতকে নিয়ে তাই যেকেউ বাজি ধরতেই পারেন এবং বাজি জিতে গেলেও অবাক হওয়ার কিছু নেই!