প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৫ পিএম
খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। অবশেষে সেটাই সত্যি হলো। তবে মাহমুদউল্লাহ রিয়াদ-তানজিদ হাসান তামিমকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আরও পড়ুন - বিশ্বকাপে তামিম নেই
বিশ্বকাপ দল ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিল নিউজিল্যান্ড। মা, স্ত্রী, ছেলে, মেয়ে স্বজনদের দিয়ে দল ঘোষণা করেছিল কিউইরা। এবার বাংলাদেশও দিল অভিনব উপায়ে বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বিসিবি ঘোষণা করল বিশ্বকাপ দল। ভিডিওতে দেখা যায়, একজন বাক্সবন্দি লাল-সবুজের জার্সি তুলে দিচ্ছেন ক্রিকেটারদের হাতে। যারা বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
সাকিব আল হাসানকে নেতৃত্বে রেখে আজ রাত সোয়া ৮টায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। দলে তানজিদ হাসান তামিমের সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব।
দলের সহ-অধিনায়কের দায়িত্ব এতদিন সামলেছেন লিটন দাস। তবে ফর্ম না থাকায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার বদলে বিশ্বকাপে সাকিবের ডেপুটি করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
বিশ্বকাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।