প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:১২ পিএম
কোমরের চোট বেশ কিছু দিন ধরেই তামিম ইকবালের পিছু ছাড়ছে না। তা থেকে সেরে উঠতে তিনি চিকিৎসাও নিয়েছেন সম্প্রতি, তবে পুরোপুরি সেরে ওঠার রাস্তা একেবারেই নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট কাটিয়ে ফেরার পর মাঠে নামেন তামিম, ৪৪ রান করে তিনি দেন ফেরার ইঙ্গিতও। কিন্তু এরপর আবার জানান, চোটটা পুরোপুরি সেরে ওঠেনি তার। এবার ঠিক এ কারণেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলল না তার। তাকে ছাড়াই আগামীকাল বিকালে বিশ্বকাপের বিমানে উঠবে দল।
তামিম কোমরের সেই চোটের চিকিৎসা করাতে গিয়েছেন যখন, তখন থেকেই বিষয়টা পরিষ্কার ছিল। অস্ত্রোপচার করালে বিশ্বকাপ এমনিতেও শেষ, বড় সময়ের জন্য যেতে হবে ছিটকে। ইনজেকশন নিয়ে ব্যথা কমানোর পথে হাঁটলে বিশ্বকাপের সুযোগ থাকবে। কিন্তু ব্যথা কবে ফিরে আসে তা নিয়ে অনিশ্চয়তাটা থেকেই যাবে।
তামিম ফিরে রান করার পরও মনে করিয়ে দেন সেটাই। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক সাকিব আল হাসানের অনীহার জায়গাটা এখানেই। পুরো বিশ্বকাপে ফিট পাওয়ার নিশ্চয়তা নেই, এমন কাউকে দলে নিতে নারাজ ছিলেন দুজনেই।
সেই কারণেই এবার তাকে বাদ দিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছে বাংলাদেশ। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।