প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:১১ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৩ এএম
এখন পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে মোট ১২টি ম্যাচে মাঠে নেমেছেন মেসি। দলকে জিতিয়েছেন প্রথম শিরোপা। আরেকটি শিরোপা জয়ের মঞ্চও প্রস্তুত করে রেখেছেন। দলের হয়ে নিজে করেছেন ১১টি গোল, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি। সেই তাকে নিয়েই এবার দেখা দিয়েছে শঙ্কা।
আরও পড়ুন : এখনো ভারতের ভিসা পায়নি পাকিস্তান
সবশেষ ম্যাচে চোটে পড়ায় আসন্ন ইউএস ওপেনের ফাইনালে তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ওই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামতে না পাড়লে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে রবার্ট টেলরের। তিনি কি পারবেন মেসিকে কপি করতে?
সবশেষ ম্যাচে টরন্টোর বিপক্ষে মেসির বদলি হিসেবে নেমে প্রতিপক্ষের জালে দুই গোল দিয়েছিলেন টেলর। বুঝতে দেননি মেসির অভাব। ফের যদি তার কাঁধে দায়িত্ব বর্তায়; তার জন্য কি প্রস্তুত হচ্ছেন তিনি। এমন প্রশ্নে টেলর জানিয়েছেন, মেসিকে অনুকরণ করা অসম্ভব।
মিয়ামির হয়ে এ বছর ৩৫ ম্যাচে ৮ গোল করা টেলর মেসিকে নিয়ে বলেন, ‘আমার মনে হয় না তার খেলা কপি করার জন্য খুব বেশি পরামর্শ সে দিতে পারবে। কারণ, মেসির খেলা কেউ কপি করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘সুযোগ পেলে অবশ্যই আবার এটা করার চেষ্টা করব। কিন্তু এর নিশ্চয়তা আমি দিতে পারি না। বিষয়টা নিশ্চয়ই মেসির মতো নয়। সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু কখনও কখনও তাকে ছাড়া খেলতে হবে আমাদের। দলের বাকিদের এগিয়ে আসতে হবে এবং দলের জন্য ভালো ফলও নিয়ে আসতে হবে।’