প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৪ পিএম
এশিয়া কাপের শিরোপা হাতে ধরা দেয়নি। ফাইনাল না খেলেই দেশে ফিরতে হয়েছে। সামনে বিশ্বকাপ। এই সুযোগটা আর মিস করতে চান না পাকিস্তানের ক্রিকেটাররা।
আরও পড়ুন : দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের চূড়ায় ভারত
এ কারণে বৈশ্বিক ক্রিকেট আসরকে সামনে রেখে দুবাইতে পুরো দলকে একত্রিত করতে চেয়েছিল পাকিস্তান। লক্ষ্য বিশ্বকাপের আগে দলের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা।
কিন্তু এই পরিকল্পনা শেষমেশ বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। কারণ এখনও বিশ্বকাপের আয়োজক ভারতের ভিসাই পায়নি তারা। আগামী সপ্তাহের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের ক্রিকেটারদের।
হায়দরাবাদের ফ্লাইট ধরার আগে সেখানে কয়েক দিন ক্যাম্প করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ক্রিকেটারদের মধ্যে একতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। কিন্তু ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচের আগে সেই সফরে অবশ্য যাওয়া হচ্ছে না। কারণ পাকিস্তানের ভিসা জটিলতা এখনও কাটেনি।
এখন অন্য পরিকল্পনা নিয়ে হাঁটছে পাকিস্তান। আগামী বুধবার লাহোর থেকে দুবাই যাবে বাবর আজমরা। সেখান থেকে হায়দরাবাদের বিমানে উড়াল দেবেন শাহীন শাহ আফ্রিদিরা।
যদিও এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন পাকিস্তানের এক কর্মকর্তা। তারপরও যথাসময়ে ভিসা পাওয়ার আশায় রয়েছে পিসিবি। জানা গেছে, ভারতীয় ভিসার জন্য এক সপ্তাহ আগে আবেদন করেছিল পাকিস্তান।