সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৩ এএম
বৃষ্টি, বৃষ্টি এবং বৃষ্টি!
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড্ড বেরসিক হয়ে পড়েছিল আবহাওয়া। শঙ্কা ছিল বৃষ্টি হতে পারে, সেটি যে দৈর্ঘ্যে-প্রস্থে বেড়ে এতটা হবে, তা হয়তো আশাতীত। হলো যদিও সেটাই। বাংলাদেশের বেশকিছু প্রশ্নের উত্তরও ভেস্তে গেল বৃষ্টির তোড়ে।
আরও পড়ুন - সিরিজের শুরুতেই ভারতের কাছে উড়ে গেল অস্ট্রেলিয়া
আজ আরেকটি লড়াইয়ে কিউইদের মুখোমুখি টাইগাররা। অনেক হিসাব মেলানোর কিংবা কিছু বিষয় যাচাই করে নেওয়ার সবশেষ সুযোগটিতেও শঙ্কা হয়ে উঁকি দিচ্ছে শরতের বৃষ্টি।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হবে খেলা। দুদেশের লড়াইয়ে এদিনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বৃষ্টির শঙ্কা। বৃহস্পতিবার রাতের ওই ম্যাচের মতো না হলেও বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ম্যাচেও।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হলে বাকি থাকা জিজ্ঞাসাগুলোর উত্তর মেলানো বিশ্বকাপের আগে সম্ভব হবে না!
তো প্রশ্নগুলো কী! ওপেনিংয়ে তামিম কেমন করেন বা তার সঙ্গী কে হতে পারেন? সাত নম্বরে ব্যাট করবেন কে অথবা নিজেকে কতটা প্রস্তুত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার? কিংবা বিশ্বকাপে ইবাদতের বদলি পেসার কে হবেন! আদপে এসব যতটা না প্রশ্ন, তারচেয়েও বেশি পরখ করে নেওয়ার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার জানিয়েছিলেন, ‘২৫ তারিখে (দল) দেওয়া যায় কি না দেখব। ২৬ তারিখ অবশ্যই পাবেন।’ তার মানে আজই পরীক্ষা-নিরীক্ষার শেষ দিন। কিউইদের বিপক্ষে ২৬ তারিখের ম্যাচটি নেহাত অনুশীলনের বনে যাবে।
বাংলাদেশের মাটিতে খেলা ১৩ ওয়ানডেতে ৮টিতে হেরেছে নিউজিল্যান্ড। শেষ ৭ ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের দাপটে হাঁটু গাড়ে কিউইরা। বৃষ্টির বাধায় পণ্ড হওয়া প্রথম ওয়ানডেতেও অবশ্য স্পিন-তোপ ছিল। যদিও নাসুমের ঘূর্ণির আগে আশার কথাই বোলিংয়ে বলেছেন মুস্তাফিজুর রহমান।
ওই ম্যাচটিতে পাওয়া এতটুকুই। পরখ করা হয়নি রিয়াদের ব্যাটিং, তামিমের ফেরা কিংবা সৌম্যর ব্যাটিং। ৫ ওভার বোলিং করলেও বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে তানজিম সাকিব থাকবেন কি না সেই উত্তরও মেলেনি।
বিশ্বকাপ সামনে রেখে একাদশের নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখে দল সাজায় বাংলাদেশ। অবশ্য অনভিজ্ঞ বলার সুযোগ নেই স্বাগতিকদের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন রিয়াদ। শেষবার চলতি বছরের মার্চে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। রিয়াদের মতো এশিয়া কাপে বিরতি দিয়ে ফিরেছেন তামিম।
বিপক্ষ শিবিরেও আছেন ট্রেন্ট বোল্ট-লকি ফার্গুসনের মতো পেসাররা। বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের। সেই চ্যালেঞ্জ তো আছেই। সঙ্গে আছে ইশ সোধি ও রাচিন রবীন্দ্রর মতো স্পিনাররা। ব্যাটিংয়েও সাকিব-মুস্তাফিজদের ছেড়ে কথা বলবেন না ফিন অ্যালেনরা। দুদলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাও ক্ষীণ। তবে হাসান মাহমুদ ফিরতে পারেন মেুস্তাফিজের জায়গায়।
টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের; আনকোরা নিউজিল্যান্ডেরও অনেক কিছু প্রমাণের সুযোগ। বিশ্বকাপের আগে নিজেদের চাঙা করার জমাট লড়াইয়ে শেষ পর্যন্ত বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ালেই হয়!