বিপিএল প্লেয়ার্স ড্রাফট
নেই ‘নিষিদ্ধ’ নাসির
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৭ পিএম
নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের বেশি দামি উপহার নিয়ে ফেঁসে গেছেন এ তারকা ক্রিকেটার। তার বিরুদ্ধে আকসু চালিয়ে যাচ্ছে তদন্ত। আইসিসি এখনও নাসিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।
আরও পড়ুন - সেমিতে নিগারদের শত্রু ভারত
তবে তার আগেই বেঁকে বসেছে বিসিবি। নাসিরকে বাংলাদেশের সব ধরনের ঘরোয়া ক্রিকেটে অলিখিতভাবে করেছে নিষিদ্ধ। আর এ কারণে বিপিএলের আগামী আসরে খেলতে পারবেন না নাসির হোসেন। খেলার সুযোগ পাবেন কী করে? বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই যে জায়গা পাননি।
আইসিসির আনা দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে দেশের কোনো টুর্নামেন্টেই খেলতে পারবেন না নাসির। তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘আমরা নাসিরকে বিপিএল ড্রাফটে রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো টুর্নামেন্টেই খেলবে না সে।’
নাসিরের নিষেধাজ্ঞার ব্যাপারটা সবার কাছেই ছিল অজানা। ২৪ সেপ্টেম্বর হতে যাচ্ছে বিপিএল ২০২৪-এর প্লেয়ার্স ড্রাফট। তার আগে আজ ক্রিকেটারদের খসড়া তালিকা দিয়েছে বিসিবি। সেই তালিকায় নেই নাসিরের নাম। এই খবর আসতেই চাউর হয়ে যায় দেশের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে নাসিরকে।
বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটার জায়গা পেয়েছেন ২০৩ জন। তাদের সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন শুধু মুশফিকুর রহিম। তার পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। এবারের প্লেয়ার্স ড্রাফটে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন চারজন- আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও তাইজুল ইসলামদের মতো ১৮ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম ও শামসুর রহমানদের মতো ৩১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা।
সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনরা আছেন এ তালিকায়। পারিশ্রমিক ১৫ লাখ টাকা।
‘এফ’ ক্যাটাগরিতে থাকছেন ২৯ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটাগরিতে রয়েছেন ৪৫ ক্রিকেটার। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।
এ ছাড়া ড্রাফটে বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘এ’-তে আছেন ১৮ জন। এ তালিকায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংখ্যাই বেশি। ক্যাটাগরি ‘বি’-তে আছেন ১৬ ক্রিকেটার। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন। ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’-তে আছেন যথাক্রমে ৯৭ ও ২৫৫ জন ক্রিকেটার।
‘এ’ শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার। ‘বি’ শ্রেণি ৬০ হাজার, ‘সি’ শ্রেণি ৪০ হাজার, ‘ডি’ শ্রেণি ৩০ হাজার ও ‘ই’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার।