প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৮ এএম
মেসি, রোনালদো, নেইমার, বেনজেমা কিংবা সাদিও মানে- এদের কেউই নেই ইউরোপের ফুটবলে। তাই আগামীর সময়টা নিশ্চিতভাবেই হতে যাচ্ছে আর্লিং হালান্ড কিংবা কিলিয়ান এমবাপের। যার জানান ইতোমধ্যেই দিয়ে রেখেছেন দুজনে। দুজনেই আছেন সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীর তালিকায়।
আরও পড়ুন : সুযোগ দেখছেন কাবরেরা
তবে মূল লড়াইটা হবে হালান্ড ও মেসির মধ্যে। আগামীতে অবশ্য এই লড়াইয়ে মেসি-রোনালদোর না থাকার সম্ভাবনাই বেশি। কেননা ইউরোপের ফুটবল আর অন্য লিগের ফুটবলের মধ্যে ফারাকটা যে বিস্তর, যা জানেন হালান্ডও। তাই নিজের উন্নতিতে মনোযোগ দিতে চান এই নরওয়েজিয়ান তরুণ।
মেসি-রোনালদো দ্বৈরথের মতো আগামীতে এমবাপে-হালান্ড দ্বৈরথ দেখা যাবে কি না তা নিয়ে হালান্ড বলেন, ‘সবাই মনে করছেন মেসি-রোনালদোর জায়গা নেব আমরা। কিন্তু আপনাকে এটা মানতে হবে ইউরোপে মেসি ও রোনালদো কতটা অবিশ্বাস্য ফুটবল খেলে গেছেন। সঙ্গে এটাও মনে রাখতে হবে, এই বয়সেও তারা নিজেদের কাজ করে যাচ্ছেন। এখনও তারা অসাধারণ খেলোয়াড়।’
এমবাপের সঙ্গে দ্বৈরথ নিয়ে ম্যানচেস্টার সিটি তারকা বলেন, ‘আমি অন্যের সঙ্গে নিজের তুলনা করি না। ব্যাপারটাকে আমি ওভাবে দেখিও না। আমার সব মনোযোগ প্রতিদিন আরেকটু উন্নতি করায়, খেলাটাকে উপভোগ করতে থাকায়। আমি নিজ সংস্করণে সেরা হতে চাই।’