নিষেধাজ্ঞা থেকে মুক্তি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। এক সতীর্থের সঙ্গে খারাপ আচরণের কারণে গত নভেম্বরে দেশসেরা এ আর্চারকে নিষেধাজ্ঞা শাস্তি দিয়েছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তবে ৭ মার্চ রোমান সানার নিষেধাজ্ঞা তুলে নেয় দেশের আর্চারির অভিভাবক সংস্থাটি। কিন্তু নিষেধাজ্ঞা থেকে তাকে মুক্তি দিচ্ছিল না আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন। অবশেষে তারাও শাস্তি মওকুফ করেছে। এ কারণে এবারের এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন সানা।
আরও পড়ুন - ইউরো বাছাইয়ে ধাক্কা খেল ইতালি
এশিয়ান গেমসের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে আজ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ ভবনে হওয়া সংবাদ সম্মেলনে এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার দিয়েছেন রোমান সানার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুখবরটা। তিনি বলেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক হয়েছে।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও খবরটি নিশ্চিত করেছেন।
তবে রোমান সানার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি দেশের আর্চারির নিয়ন্ত্রক সংস্থাটি। আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে।