প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম
এশিয়া কাপে আগামীকাল সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ খেলে পারিবারিক কারণে আগামী পরশু দেশে ফিরবেন মুশফিকুর রহিম। বিসিবি সূত্রে জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরছেন তিনি।
মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। মুশফিক দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এ সময়ে স্ত্রীর পাশে থাকতে চান। তবে পুরো আসর ছেড়ে নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর চার দিন সময় পাবে দল। ভারতের বিপক্ষে তাই সুপার ফোরের শেষ ম্যাচের আগে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে
আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাকি থাকা ভারতের বিপক্ষে সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ সেপ্টেম্বর। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে মুশফিক-সাকিবদের।
চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০২ রান। ফিফটি করেছেন একটি। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন মুশফিক।