প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম
কাতার বিশ্বকাপের রেশ যেন এখনও লেগে আছে ফুটবল অনুরাগীদের চোখে। মনে হচ্ছে যেন এই তো সেদিন শেষ হলো ফুটবলের বৈশ্বিক আসর। চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনায় যেন বিশ্বজয়ের উৎসবটা এখনও শেষ হয়নি। ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতিটা না ভুলতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।
আরও পড়ুন - আফগানিস্তানের সঙ্গে ফের বাংলাদেশের ড্র
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় মাঠে নামছে আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে কোচ লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ ইকুয়েডর। ফুটবল জাদুকর মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা লড়বে বুয়েন্স আয়ার্স স্তাদিও মনুমেন্তালে। চলতি আন্তর্জাতিক সূচিতে আরও একটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১২ সেপ্টেম্বর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে দলে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি ও লো সেলসোর। ফুটবলারদের চোট তো রয়েছেই। অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্যও দল গড়তে হয়েছে। এ কারণে দল দিতে একটু বাড়তি সময় নিয়েছেন কোচ স্কালোনি।
আর আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে শনিবার। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ বলিভিয়া। আপদকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে খেলবে ব্রাজিল। তবে দীর্ঘ আট মাস পর সুপারস্টার নেইমার ফেরায় দল এখন বেশ চনমনে।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে নামবে ইউরো বাছাই। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে পর্তুগিজরা। আর কাইলিয়ান এমবাপের ফ্রান্স মাঠে নামছে আজ রাতেই। রাত ১২টা ৪৫ মিনিটে ফরাসিদের লড়াইটা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।