প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৫ পিএম
দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত ৩ সেপ্টেম্বর ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক। বাংলাদেশের সাবেক এই কোচের স্মরণে আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন : হেসেখেলে বাংলাদেশকে হারাল পাকিস্তান
গত কিছুদিন আগে গুজব ছড়ায় দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্ট্রিক। পরে অবশ্য স্ট্রিক নিজেই জানান, বেঁচে আছেন তিনি। এ ঘটনার পর অবশ্য খুব বেশিদিন পৃথিবীর আলো-বাতাসে কাটাতে পারেননি টেস্টে ২০০ উইকেটের মালিক। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে ৪৯-এ কাটা পড়েন ২২ গজে অসংখ্য ফিফটি হাঁকানো এই কিংবদন্তি।
ক্রিকেটের পাঠ চুকিয়ে জিম্বাবুয়ের সাবেক এই পেস বোলার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন লম্বা সময়। তার সঙ্গে জড়িয়ে আছে ক্রিকেটারদের অসংখ্য স্মৃতি। ক্রিকেট মাঠে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনকালে হয়তো সেসব স্মৃতিই মনে করছিলেন তার এক সময়ের শিষ্য সাকিব-মুশফিকরা।