প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪১ এএম
চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্রয়ে যারা নজর রেখেছেন তারা নির্দ্বিধায় মানবেন গ্রুপ ‘এফ’ ডেথ গ্রুপ। শিরোপার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা নাসের আল খেলাইফির পিএসজিও এই গ্রুপে। স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ার কথা তার।
আরও পড়ুন : মুহূর্তেই হাওয়া আর্জেন্টিনার ম্যাচ টিকিট
গ্রুপ পর্ব পাড়ি দিতে লড়তে হবে এসি মিলান, বরুশিয়া ডর্টমুন্ড ও নিউক্যাসল ইউনাইটেডের মতো কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে। গ্রুপটি ‘মৃত্যুকূপ’ হলেও দারুণ কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
গ্রুপ অব ডেথ নিয়ে খেলাইফি বলেন, ‘এটা কঠিন গ্রুপ সত্যি। কিন্তু এমন নয় যে, এটা শুধু আমাদের জন্য কঠিন। আসল কথা হচ্ছে, আমরা কী করতে চাই, কী পছন্দ করি? টুর্নামেন্টটা বিশ্বের সেরা প্রতিযোগিতা। খেলোয়াড় ও কোচরা বড় ম্যাচ খেলতে পছন্দ করে। আমি সব সময় ইতিবাচক জিনিসই নিই।’
সবশেষ আসরে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে বাদ পড়ে পিএসজি। তবে আসন্ন মৌসুমে দারুণ কিছুর প্রত্যাশা করছে দলটি। সে লক্ষ্যে কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে লুইস এনরিকের দলকে।
তার জন্য এখন থেকেই সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন খেলাইফি। বলেন, ‘কোচিং স্টাফ, খেলোয়াড়, সমর্থক- সবাইকে এই গ্রুপের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। সবকিছু নিংড়ে দিতে হবে।’